খেলা ডেস্ক | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট | ৭৯ বার পঠিত | পড়ুন মিনিটে
সংগৃহিত ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সে লক্ষ্যে মিরপুরে তিনদিনের ক্যাম্প শুরু করেছিল টাইগাররা। যেখান থেকেই বিসিবি ঠিক করতে চেয়েছিল বিশ্বকাপের দল। তবে বৃষ্টি বাঁধায় প্রথম দুই দিনের ক্যাম্প বাধাগ্রস্থ হয়েছে। এ অবস্থায় দেশের বাইরে টাইগারদের প্রস্তুতি ক্যাম্পের কথা জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
মঙ্গলবার শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি সভাপতি পাপন বলেন, ‘বেসিক্যালি আমাদের এখানে (মিরপুরে) ক্যাম্প করার কথা ছিল, তিন দিনের। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে, ওরা বলছে পারছে না। যে পরিকল্পনাগুলো ছিল একটাও করতে পারছে না এবং দুই এক দিনের মধ্যে (আবহাওয়া) ঠিক হবে বলেও মনে হচ্ছে না। কাজেই এটা নিয়ে আজকে আমরা বসেছিলাম।’
তিনি বলেন, ‘আমরা এখন একটা বিকল্প ব্যবস্থা ঠিক করছি। তবে, এখনো কোনো কিছু ফাইনাল হয়নি। আমরা অন্য কোথায় গিয়ে প্র্যাকটিসটা করতে পারি কি-না। তিন-চার দিনের জন্য অন্য কোথায় (বিদেশে) গিয়ে তারা খেলতে চায়, যেহেতু সামনে বিশ্বকাপ। তার আগে ট্রাইনেশন আছে (সিরিজ)। তাই যত তাড়াতাড়ি সম্ভব অন্য কোনো জায়গায় গিয়ে প্র্যাকটিসগুলো করতে পারি। এটাই হলো মেইন কাজ।’
৭ অক্টোবর নিউজিল্যান্ডে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ১৪ অক্টোবর আসরের ফাইনাল। সেখান থেকে সাকিব আল হাসানের দল চলে যাবে অস্ট্রেলিয়ায়। ব্রিসবেনে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পর ২৪ অক্টোবর হোবার্টে টাইগারদের প্রথম বিশ্বকাপ ম্যাচ।
বিসিবির ভাবনায় ছিল নিউজিল্যান্ডেই আগেভাগে গিয়ে ক্যাম্প করবে দল। কিন্তু সেখানে প্রয়োজনীয় ট্রেনিং সুবিধা মিলবে কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি। সেজন্যেই আরও দুটি দেশের কথাও ভাবছে বিসিবি।
নাজমুল হাসান জানালেন, ‘কোথায় ক্যাম্প করবো এখনো ঠিক হয়নি। তবে সেটি সিঙ্গাপুর বা সংযুক্ত আরব আমিরাতে হতে পারে। তবে শারজাহ (শারজাহ ক্রিকেট স্টেডিয়াম) সম্ভব না। আগামীকালের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে কোথায় ক্যাম্প করবে বাংলাদেশ।’