নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২০ মে ২০২৬ | প্রিন্ট | ১৪ বার পঠিত | পড়ুন মিনিটে
বিশ্বখ্যাত বিনিয়োগ প্রতিষ্ঠান জেপি মরগানসহ বড় বড় আন্তর্জাতিক ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে এই বিনিয়োগ আকর্ষণ করতে হলে আর্থিক খাতে স্বচ্ছতা ও নির্ভরযোগ্য অডিট রিপোর্ট নিশ্চিত করার কোনও বিকল্প নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
বুধবার (২০ মে) রাজধানীর সোনারগাঁও হোটেলে ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) আয়োজিত ‘ট্রাস্টওয়ার্দি ফিন্যান্সিয়াল রিপোর্টিং: হোয়াট রিয়েলি ম্যাটারস’ শীর্ষক সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, “আমি প্রতিদিনই কোনও না কোনও আন্তর্জাতিক ফান্ড ম্যানেজারের সঙ্গে বৈঠক করছি। তারা বাংলাদেশে আসতে আগ্রহী। কিন্তু বিনিয়োগকারীদের আস্থা অর্জনের জন্য সঠিক ও নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি বলেন, ‘‘গত কয়েক বছরে দেশের অর্থনীতি অস্থির সময় পার করেছে। অর্থনৈতিক ও আর্থিক ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে অনেক প্রতিষ্ঠান কার্যত অকার্যকর হয়ে পড়েছিল। এর ফলে নিয়ন্ত্রক সংস্থা ও তদারকি প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতাও কমে যায়।’’
আমির খসরু বলেন, “আমরা এখন একটি গুরুত্বপূর্ণ ক্রান্তিকাল অতিক্রম করছি। ভবিষ্যতে বাংলাদেশ কোন পথে এগোবে, তা নির্ভর করবে আমাদের প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও জবাবদিহির ওপর।”
দেশের আর্থিক খাতের দুর্বলতার কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘‘ব্যাংক খাতে ব্যাপক অনিয়ম হয়েছে, ব্যাংক থেকে অর্থ পাচার ও বের করে নেওয়ার ঘটনা ঘটেছে। ভুল তথ্য দিয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার ঘটনাও ঘটেছে। এসব কারণে ব্যাংক ও বেসরকারি খাতে বড় ধরনের মূলধন ঘাটতি তৈরি হয়েছে।’’
তিনি আরও বলেন, “দেশের ফিন্যান্সিয়াল ইকোসিস্টেম প্রায় ভেঙে পড়ার মতো পরিস্থিতিতে পৌঁছেছিল। এখন স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করেই বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘‘অতীতে আর্থিক তথ্য বিকৃতির কারণে প্রকৃত উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। বরং যারা বিভ্রান্তিকর তথ্য দিয়েছে, তারাই নানা ধরনের সুবিধা পেয়েছে।’’
তিনি বলেন, ‘‘আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বাংলাদেশের আর্থিক প্রতিবেদন ব্যবস্থার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রত্যাশিত মাত্রায় আসেনি।’’
ড. তিতুমীর বলেন, “অডিট ফার্মগুলো কোনও প্রতিষ্ঠানের আজ্ঞাবহ সংস্থায় পরিণত হতে পারে না। আমরা এমন একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে ছোট-বড় সব বিনিয়োগকারী নিরাপদ বোধ করবেন।”
তিনি আরও জানান, ইচ্ছাকৃত ভুল আর্থিক প্রতিবেদন ও সম্পদ মূল্যায়নে কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এফআরসিকে আইনের পূর্ণ ক্ষমতা ও প্রশাসনিক স্বাধীনতা দেওয়া হয়েছে।