রাজনীতি ডেস্ক | শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | ১০৯ বার পঠিত | পড়ুন মিনিটে
সংগৃহীত ছবি
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, দেশের শাসন ব্যবস্থা ও গণতন্ত্র আওয়ামী লীগ নয়, বিএনপি ধ্বংস করেছিল।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে বৃহস্পতিবার অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খবর বাসসের
নাছিম বলেন, বিএনপি কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা সব সময় চায় ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে। তারা যদি গণতন্ত্রে বিশ্বাসই করত তাহলে সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য তাদের এমপিদের সংসদ থেকে পদত্যাগ করতে বাধ্য করত না। তারা কখনোই দেশের মঙ্গল চায় না।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র বানানোর শেষ প্রান্তে দাঁড় করিয়েছিল। এরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন। এরা গণতন্ত্র হত্যা করে আবার গণতন্ত্রের গল্প শোনায়। তাদের মুখে গণতন্ত্রের কথা শুনতে সত্যি খুবই আশ্চর্য লাগে।
নাছিম বলেন, বিএনপি এ দেশের সংবিধান কলঙ্কিত করেছে, প্রশ্নবিদ্ধ করেছে। তারা যুদ্ধাপরাধীদের নিয়ে দল করে ক্ষমতায় এসে শাসনের নামে দুঃশাসন করেছে। তাই এখন এই অপশক্তিকে বাংলার জনগণ সমর্থন করে না।
তিনি আরও বলেন, কোনো ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম থামানো যাবে না। বিএনপি প্রথমে বিক্ষোভ দিয়ে তাদের আন্দোলন শুরু করেছিল। আর এখন করছে নীরব পদযাত্রা। পথ হারিয়ে বিএনপি এখন নীরবে পদযাত্রা করছে।
নাছিম বলেন, ‘আমরাই পৃথিবীর একমাত্র দেশ, যারা নিজের মাতৃভাষার মর্যাদা রক্ষা করার জন্য জীবন বিলিয়ে দিয়েছি। বিশ্বের সকল ভাষাকে আমাদের সম্মান ও শ্রদ্ধা জানানো উচিৎ। যার যার ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যকে সমুন্নত রাখাই আমাদের একুশের চেতনা। এই একুশের চেতনাকে আন্তর্জাতিক দুনিয়া স্বীকার করেছে— এটাই আমাদের বড় গৌরবের পরিচয়।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি আবদুল মতিন, জার্নালিস্ট এসোসিয়েশনেট সদস্যবৃন্দ, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।