অনলাইন ডেস্ক | বুধবার, ১৭ মার্চ ২০২১ | প্রিন্ট | ১৫৯ বার পঠিত | পড়ুন মিনিটে
২৫ বছর বয়সী যুবক মো. ইমরান মিয়া।
২৫ বছর বয়সী যুবক মো. ইমরান মিয়া। তবে তার পরনে বোরকা। পায়ে লাগানো আলতা, মেয়েদের জুতা। বোরকা খুলতেই চোখ ছানাবড়া পুলিশের। এতো দাড়িওয়ালা যুবক! তল্লাশি করতেই বের হয়ে এলো আসল কাহিনী। মূলত আইনশৃংখলা বাহিনির চোখ এড়াতেই এ পথ বেছে নেয় ইমরান। তবে হাইওয়ে পুলিশ তল্লাশি করে ইমরানের শরীরে বিশেষ কায়দায় রাখা ৪৩ বোতল ও ব্যাগে
রাখা ৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় মো. সবুজ মিয়া নামে ইমরানের এক সহযোগীকেও আটক করা হয়।
ইমরান মিয়া নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের মোড়াপাড়ার জুয়েল মিয়ার ছেলে ও মো. সবুজ একই এলাকার মো. শরীফ মিয়ার ছেলে। তারা মাদক পাচারকারি দলের সদস্য বলে নিশ্চিত করেছে পুলিশ।
বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি গাজী মো. সাখাওয়াত হোসেন জানান, বুধবার সকালে জেলার খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ইকোনো বাস কাউন্টারে সামনে বোরকা পরা এক নারী ও এক যুবক ব্যাগসহ বাসের জন্য অপেক্ষা করছিলেন। তাদের কাছে মাদক থাকার গোপন সংবাদে পুলিশ তল্লাশি করে। এক পর্যায়ে বোরকা পরা নারীর মুখ খুললেই দেখা যায় দাড়িওয়ালা যুবক। এ ছাড়া বোরকা পরা ইমরানের পায়ে আলতা, মেয়েদের জুতা পরাও ছিল। এ ঘটনায় মামলা দায়ের কর হয়েছে।