অনলাইন ডেস্ক: | মঙ্গলবার, ০১ জুন ২০২১ | প্রিন্ট | ১৫০ বার পঠিত | পড়ুন মিনিটে
দোকানকর্মীকে চড় মারেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বেলজিয়ামের রাষ্ট্রদূতের স্ত্রী। সিসিটিভি ফুটেজে ধরে পড়ে পুরো ঘটনা। ছবি: সংগৃহীত
স্ত্রী দোষ করলেও শাস্তি থেকে রেহাই পেলেন না স্বামী। এমনকি ক্ষমা চেয়েও কোনো লাভ হলো না। এক দোকানকর্মীকে চড় মেরেছিলেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বেলজিয়ামের রাষ্ট্রদূত পিটার লেশাওয়ারের স্ত্রী জিয়াং জুয়েকিউ। এ ঘটনায় রাষ্ট্রদূতের পদ হারিয়েছেন তিনি। বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটি নিশ্চিত করেছে। বিবিসির খবরে বলা হয়, গত ৯ এপ্রিল দক্ষিণ কোরিয়ার সিউলের ইয়ংসান–গু এলাকায় একটি দোকানে একজন নারী কর্মীকে চড় মারেন রাষ্ট্রদূতের স্ত্রী জিয়াং জুয়েকিউ। এর আগে তিনি দোকান থেকে কোনো কাপড় লুকিয়ে নিয়ে যাচ্ছেন কি না, তা দেখতে চেয়েছিলেন আরেক কর্মী। জিয়াং পণ্য চুরি করেছেন, এমন সন্দেহ হয় তাঁর।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ৬৩ বছর বয়সী জিয়াং ওই দোকানে এক ঘণ্টা ধরে জামা দেখেন। বের হয়ে যাওয়ার সময় এক কর্মী তাঁকে অনুসরণ করেন। জিয়াংয়ের পরনে থাকা জামা ছিল ওই দোকানেরই। কিন্তু সেগুলো নতুন কি না ও এর দাম পরিশোধ না করেই তিনি বের হয়ে যাচ্ছেন কি না, তা খতিয়ে দেখতে চেয়েছিলেন ওই কর্মী। পরে জিয়াং পেছনে ফেরত এসে ওই কর্মীকে ধাক্কা মারেন। তখন আরেক নারী কর্মী তাঁর সহায়তায় এগিয়ে এলে তাঁকেও চড় মারেন তিনি।
এ ঘটনা নিয়ে বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এমন অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য দোকানকর্মীর সঙ্গে দেখা করে তাঁর কাছ থেকে ক্ষমা চান জিয়াং। তবে পররাষ্ট্রমন্ত্রী সোফি উইলমস সিদ্ধান্ত নেন, দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূতের পদে রাখা হবে না জিয়াংয়ের স্বামী লেশাওয়ারকে। তিন বছর ধরে ওই পদে ছিলেন তিনি।
ফেসবুকের একটি পোস্টে বেলজিয়াম দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, লেশাওয়ার নিষ্ঠার সঙ্গে দেশের হয়ে দায়িত্ব পালন করছিলেন, কিন্তু ‘বর্তমান পরিস্থিতিতে’ শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তিনি।
দোকানকর্মীকে হেনস্তার ওই ঘটনায় ক্ষমা চেয়েছিলেন রাষ্ট্রদূত নিজেও। এ ঘটনায় কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নিতে বেলজিয়ামের প্রতি অনুরোধ জানিয়েছিলেন তাঁর স্ত্রী।