অনলাইন ডেস্ক: | মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১ | প্রিন্ট | ১৫০ বার পঠিত | পড়ুন মিনিটে
ছবি: সংগৃহীত
কক্সবাজারের উখিয়ায় ভারী বর্ষণে পাহাড় ধসে শিশুসহ ৫ জন নিহত হয়েছে। এ সময় এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আজ মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর ১টার দিকে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা বালুখালী ১০নং রোহিঙ্গা ক্যাম্পে এ পাহাড় ধসের ঘটনা ঘটে।
পাহাড় ধসে মারা গেছেন উখিয়ার বালুখালী ১০নং রোহিঙ্গা ক্যাম্পের জি-৩৭ ব্লকের নুর মোহাম্মদের মেয়ে নুর নাহার (৩০), শাহা আলমের ছেলে শফিউল আলম (১২), জি-৩৮ ব্লকের ইউসুফের স্ত্রী দিল বাহার (২৪) ও তাদের ২ সন্তান আব্দুর রহমান (৪) ও আয়েশা ছিদ্দিকা (২)। আহত হয়েছেন ২ জন। আহতরা হলেন শাহ আলমের মেয়ে নুর ফাতেমা (১৪) ও জানে আলম (৮)। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, ভারী বর্ষণে দুপুর ১টার দিকে উক্ত ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুসহ এই পর্যন্ত ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর থেকে টানা বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪টি রোহিঙ্গা শিবিরের ৮টি ক্যাম্পের বেশকিছু বসতঘর পানির নিচে তলিয়ে গেছে। টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে এসব বসতির রোহিঙ্গারা পানিবন্দী হয়ে পড়েছে।
প্লাবিত হওয়া ক্যাম্পগুলো হলো কুতুপালং ক্যাম্প-৫, বালুখালী ১ নং ক্যাম্প, টেকনাফের ২৬ নং ক্যাম্প, জামতলী ক্যাম্প, হাকিমপাড়া, ২৪ নং ক্যাম্প, ২৭ নং ক্যাম্প ও মধুছড়া ক্যাম্পের লক্ষাধিক রোহিঙ্গা বসতি পানিতে তলিয়ে গেছে।