অনলাইন ডেস্ক: | সোমবার, ১২ জুলাই ২০২১ | প্রিন্ট | ১২৩ বার পঠিত | পড়ুন মিনিটে
ফাইল ছবি
আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে আগামী ১৭ জুলাই থেকে রাজধানীতে শুরু হচ্ছে কোরবানির হাট।
ঢাকার দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১০টি ও ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৯টিসহ মোট ১৯টি কোরবানির হাট বসছে এবার।
আগামী ২১ জুলাই ঈদুল আযহার দিন পর্যন্ত কোরবানির হাটগুলোতে পশু কেনা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
করোনা মহামারির মধ্যে রাজধানীতে কোরবানির পশু কেনাবেচার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে চালু হয়েছে অনলাইন হাট ডিজিটাল হাট ডট নেট।
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ও বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনসহ এতে কারিগরি সহযোগিতা দিচ্ছে এটুআইর অনলাইন প্ল্যাটফর্ম একশপ।
করোনা সংক্রমণ রোধে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অনলাইনে প্ল্যাটফর্মে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে অনুরোধ জানিয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ইতোমধ্যে জানিয়েছেন, দেশে এখন ৪১ কোটি ২২ লাখ ৪৪ হাজার গবাদি প্রাণী মজুদ আছে। আসন্ন কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত আছে। কোরবানিকে সামনে রেখে গত বছরের ন্যায় এবারও দেশের বাইরে থেকে গবাদিপশু আসতে দেওয়া হচ্ছে না।
এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অনুমোদিত হাটগুলো হল : ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজসংলগ্ন উন্মুক্ত এলাকা, পোস্তগলা শ্মশানঘাট সংলগ্ন আশপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজার সংলগ্ন আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত এলাকা, আফতাবনগর (ইস্টার্ন হাউজিং) ব্লক-ই থেকে ব্লক এইচ ও সেকশন-১ ও ২ নম্বর এলাকা, গোলাপবাগ ডিএসসিসি মার্কেটের পেছনে খালি জায়গা, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা, দনিয়া কলেজ সংলগ্ন আশপাশের খালি জায়গা, ধুপখোলা ইস্ট অ্যান্ড ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা, লালবাগের রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের অনুমোদিত হাটগুলো হল: বাড্ডা আফতাবনগর ব্লক-ই ও সেকশন-৩ এর খালি জায়গা, কাওলা শিয়াল ডাঙ্গা সংলগ্ন খালি জায়গা, মিরপুর সেকশন ৬ এ ইস্টার্ন হাউজিংয়ের পাশে খালি জায়গা, উত্তরখান মৈনারটেক হাউজিং প্রকল্পের খালি জায়গা, ভাটারা সাঈদ নগর অস্থায়ী পশুর হাট, মোহাম্মদপুরে বছিলা এলাকার রাজধানী হাউজিং, স্বপ্নধারা হাউজিং ও বছিলা গার্ডেন সিটির খালি জায়গা, ৩০০ ফুট সড়কের উত্তর পাশে সালাম স্টীল লিমিটেড ও যমুনা হাউজিং কোম্পানি লিমিটেডের ব্যক্তিমালিকাধীন খালি জায়গা ও মিরপুর গাবতলী গবাদি পশুর হাট।
করোনাভাইরাসের উচ্চ সংক্রমণের মধ্যেও কোরবানি ঈদে মানুষের স্বাভাবিক চলাচল ও পশুর হাটের বিষয়টি বিবেচনায় নিয়ে কঠোর লকডাউনে শিথিলতা আসতে যাচ্ছে বলে জানা গেছে।
সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের জানিয়েছেন, ঈদের সময় গরু ব্যবসায়ী, দোকান মালিকদের কথা বিবেচনা করেই সরকার লকডাউনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, প্রজ্ঞাপনে বিষয়টি পরিস্কার করা হবে।
আগামী ২১ জুলাই বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। রোববার (১১ জুলাই) দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।