সারাদেশ ডেস্ক | রবিবার, ২১ আগস্ট ২০২২ | প্রিন্ট | ১১৫ বার পঠিত | পড়ুন মিনিটে
সংগৃহিত ছবি
দুটি পৃথক অভিযানে সাগরে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ভেসে যাওয়া ৬৫ জেলেকে উদ্ধার করেছে স্মার্ট পেট্রোল টিম, আরজিবি কোম্পানি ও বনবিভাগের সদস্যরা ।
শনিবার সন্ধ্যা ও রোববার সকালে পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া এবং হলদেবুনিয়া এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেরা বরগুনা, পিরোজপুরসহ আশপাশের এলাকা থেকে সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে গত শুক্রবার নিখোঁজ হন।
জেলেদের বরাত দিয়ে বনবিভাগ সূত্র জানিয়েছে, ঝড়ের কবলে পড়ে দুটি ফিশিং ট্রলার ডুবিসহ তাদের দুই সঙ্গী নিখোঁজ রয়েছে।
সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি ষ্টেশন অফিসার মো. নুর আলম জানান,স্মার্ট টিমের সদস্যরা নিয়মিত টহলের সময় মান্দারবাড়িয়া এলাকা থেকে শনিবার বিকালে ৪১ জেলেকে উদ্ধার করে। ঝড়ের কবলে পড়ে উপকূলে ফেরার চেষ্টায় দুটি ট্রলারযোগে ভাসতে ভাসতে তারা সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় গিয়ে আশ্রয় নেয়।
তিনি আরও বলেন, প্রায় একই সময়ে অপর ২৬ জেলেকে বহনকারী আরও দুটি ট্রলার ঝড়ের কবলে পড়ে সাগরে যুবে যাওয়ায় সেখানে থাকা ২৪ জন জেলে ভাসতে ভাসতে ভারতীয় অংশে চলে যায়। শনিবার ভারতীয় জেলেরা উদ্ধার হওয়া ২৪ জেলেকে সাতক্ষীরা রেঞ্জের হলদেবুনিয়া টহলফাঁড়িতে পৌঁছে দিলে রোববার দুপুরে বনবিভাগের সদস্যরা তাদের উদ্ধার করে বুড়িগোয়ালীনি ষ্টেশনে নিয়ে আসে। এসময় আরজিবি কোম্পানি বা রিভারাইন বিজিবি সদস্যরা নিজেদের যানবাহনসহ খাদ্য ও পানি সরবরাহ করে উদ্ধার হওয়া জেলেদের জন্য। রোববার বিকালে সংবাদ সম্মেলন করে উদ্ধার ৬৫ জেলেকে তাদের প্রতিনিধির হাতে উঠিয়ে দেয়া হবে বলেও জানান বনবিভাগের ওই কর্মকর্তা।