জন্মবৃত্তান্ত: জামিল আহমেদ-এর কবিতা | রবিবার, ১১ জুলাই ২০২১ | প্রিন্ট | ৩১৭ বার পঠিত | পড়ুন মিনিটে
জন্মবৃত্তান্ত
জামিল আহমেদ
আমার জন্ম রেল লাইনের পাশে ঝুপড়িতে
আমার মা বিনোদিনী
আমার পৃত্তি পরিচয় বা পিতা কে
আমি তা জানিনা
আমার মা দেখতে চাঁদের মতো
সুন্দর
রাত গভীর হওয়ার সাথে সাথে
মদ্যমাতাল উচুঁ শ্রেণীর মানুষ
এই ঝুপড়িতে আসতো
কত রাত আমাকে বাইরে কাটাতে হয়েছে
কখনো গনগনে গরমে
কখনো মাঘের শীতে
কখনো বর্ষার রাতে
উদাম গায়ে সারারাত
স্যার চোখ ঝাপসা হয়ে আসছে
মাফ করবেন
সেই সব উচুঁ শ্রেণীর লোকেরা
ঠিক কি করতো আমি তা বুঝতাম
মা বলেছিল কোনো শব্দ করা যাবে না
তাই করিনি
কখনো কখনো উচুঁ দালানে
নিয়ে যেতেন আমার মাকে
শুনেছি যৌবনের নাকি অনেক দাম
এরই মধ্যে মা মাঝে মাঝেই বমি করতেন
অভিজ্ঞতার আলোকে বুঝতে পারতাম
এই বমির কারণ
যৌবন শেষ হবার সাথে সাথে
কোট টাই পরা সেই সব ভদ্র লোকেরা
যে ভাষা আচরণ করতেন
তা এখানে উল্লেখ যোগ্য নয়
আবার চোখ ঝাপসা হয়ে আসছে
আমার পৃত্তি পরিচয় টুকু জানতে পারলাম না আজও।