সারাদেশ ডেস্ক | বুধবার, ০২ নভেম্বর ২০২২ | প্রিন্ট | ৮৯ বার পঠিত | পড়ুন মিনিটে
সংগৃহিত ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।
বুধবার দুপুরে বরিশাল মহানগর এবং দক্ষিণ ও উত্তর জেলা যুবদল এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বেলা ১২টার দিকে নগরের অশ্বিনী কুমার হল সংলগ্ন দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে সদর রোড ও গির্জামহল্লা প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে।
সমাবেশে বক্তারা দুদকের মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির সমালোচনা করে বলেন, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে। জোবায়দা রহমান রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তিনি পেশায় একজন চিকিৎসক। শুধু জিয়া পরিবারের পুত্রবধূ হওয়ার কারণেই তার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ তাদের অবৈধ ক্ষমতা ধরে রাখতে শুরু থেকেই রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে তাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে। এখন দেশজুড়ে বিএনপির নেতৃত্বে মানুষ জেগে উঠেছে। এতে সরকারের ভীত নড়ে উঠেছে। তাই নতুন করে জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই গ্রেপ্তারি পরোয়ানা সেই ষড়যন্ত্রেরই অংশ। সরকার বিএনপিকে দমনে মামলাকে হাতিয়ার করছে।
বরিশাল জেলা যুবদল আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন। সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীম।