অনলাইন ডেস্ক: | সোমবার, ০১ নভেম্বর ২০২১ | প্রিন্ট | ১৫৩ বার পঠিত | পড়ুন মিনিটে
রাজধানীর রামপুরায় আলমগীর হোসেন নামের এক ব্যক্তি খুনে এই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ছবি: সংগৃহীত
রাজধানীর রামপুরায় পুলিশকে বিভিন্ন অপকর্ম সম্পর্কে তথ্য দেওয়া আলমগীর হোসেন খুনে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের একজনের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধারের কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রিমন ওরফে লিমন ও তাঁর সহযোগী মহিউদ্দিন শিবলু। এই হত্যাকাণ্ডে রিমনকে প্রধান সন্দেহভাজন বলছে পুলিশ।
আজ সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, গতকাল রোববার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মাহবুব আলম বলেন, রিমন একজন মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৮টি মামলা রয়েছে। পুলিশকে তথ্য দেওয়ার কারণে আলমগীরের ওপর ক্ষুব্ধ ছিলেন রিমন। এ কারণেই তাঁকে হত্যা করা হয়েছে। রিমনের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
গত শুক্রবার রামপুরার বউ বাজার আদর্শ গলিসংলগ্ন বরফগলিতে আলমগীরকে কুপিয়ে গুরুতর জখম করেন দুর্বৃত্তরা। ওই দিনই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। থানা–পুলিশের পাশাপাশি ডিবি এ হত্যাকাণ্ডের ছায়া তদন্ত করছিল।
গোয়েন্দা কর্মকর্তা মাহবুব আলম জানান, আলমগীরের দেওয়া তথ্যের ভিত্তিতে রিমন ও তাঁর মাদক কারবারের সহযোগীদের গ্রেপ্তার করেছিল পুলিশ। এ নিয়ে আলমগীরের ওপর তাঁদের ক্ষোভ ছিল। সেই ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে তাঁকে খুন করা হয়।