ডেস্ক রিপোর্ট | সোমবার, ১১ জানুয়ারি ২০২১ | প্রিন্ট | ২৫৬ বার পঠিত | পড়ুন মিনিটে
তরুণদের কেউ ঝাড় দিচ্ছেন। কেউ ময়লা আবর্জনা টুকরিতে ভরছেন।
বড়লেখার দক্ষিণভাগ উত্তর ইউপির (কাঁঠালতলী) স্থানীয় কয়েকজন তরুণ সমাজসেবার নজির স্থাপন করেছেন। স্বেচ্ছাশ্রমে তরুণরা সাইটিংবাজার এলাকায় কাঁঠালতলী-তেরাকুড়ি রাস্তার দুইপাশের ১ কিলোমিটার এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করেছেন।
সরেজমিন দেখা গেছে, তরুণদের কেউ ঝাড় দিচ্ছেন। কেউ ময়লা আবর্জনা টুকরিতে ভরছেন। কেউ তা নির্দিষ্ট স্থানে রেখে আগুনে পুড়িয়ে দিচ্ছেন। কেউ সড়কের পাশে গজিয়ে ওঠা ছোটখাটো ঝোপঝাড় পরিষ্কার করছেন।
এসব তরুণের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঁঠালতলী বাজার (মৌলভীবাজার-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়ক) থেকে পশ্চিম দিকে গেছে কাঁঠালতলী দক্ষিণ গ্রামের (সাইডিং বাজার) রাস্তা। রাস্তাটি সুজানগর ইউনিয়নের তেরাকুড়ি গ্রামের রাস্তার সঙ্গে মিশেছে।
কাঁঠালতলী দক্ষিণ এলাকায় একটি উচ্চ বিদ্যালয়, একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মাদ্রাসা রয়েছে। প্রতিদিন এ রাস্তা দিয়ে অন্তত ১০টি গ্রামের মানুষ আসা-যাওয়া করেন। পাশাপাশি বিভিন্ন ধরনের ছোটখাটো যানবাহনও চলাচল করে। সড়কের দুইপাশে ছোটবড় বেশ কয়েকটি মুদি দোকান রয়েছে। দীর্ঘদিন ধরে এসব দোকান থেকে পলিথিনসহ ময়লা সড়কের পাশেই ফেলা হয়। এগুলো কখনও পুড়ানো বা সরানো হয়নি। ফলে ময়লা-আবর্জনাগুলো পচে পরিবেশ দূষিত হয়। এছাড়া সড়কের দুইপাশে গজিয়ে ওঠা ঝোপঝাড়ের কারণে সড়কও কিছুটা সংকুচিত হয়ে পড়েছে। স্থানীয় তরুণ সাঈব আহমদ ইয়াসের রাস্তার দুইপাশ পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নেন। বিষয়টি তিনি এলাকার কয়েকজন তরুণকে জানান। পরিকল্পনা অনুযায়ী শুক্রবার সকাল ৯টা থেকে এলাকার ১০-১২ জন তরুণ সাইডিংবাজার এলাকায় কাঁঠালতলী-তেরাকুড়ি রাস্তার দুইপাশ পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করেন।
এ কার্যক্রমের উদ্যোক্তা সাঈব আহমদ ইয়াসের বলেন, এসব ময়লা-আবর্জনার কারণে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে, তেমনি বিভিন্ন ধরনের রোগবালাই দেখা দিচ্ছে। সামাজিক দায়বদ্ধতা থেকে তা পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নিই। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় মুদি দোকানদার রফিক উদ্দিন বলেন, আজকে এলাকার কয়েকজন তরুণ মিলে রাস্তার দুইপাশ পরিষ্কার করেছেন। তারা আমাদেরও এ বিষয়ে সচেতন করেছেন। এখন থেকে আমরা আমাদের দোকানের পলিথিনসহ যা জমবে তা পুড়িয়ে ফেলব।
শিক্ষানুরাগী গৌছ উদ্দিন বলেন, রাস্তার দুই পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন দেখে অনেক সুন্দর লাগছে। অতীতে কেউ এভাবে পরিষ্কার-পরিছন্ন করেনি। এলাকার পরিবেশ রক্ষায় তাদের মতো সবাইকে এগিয়ে আসা উচিত।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন জানান, যেকোনো কাজ সবাই মিলে এক সাথে করলে তা সহজ হয়। তা কাঁঠালতলী দক্ষিণ গ্রামের তরুণরা প্রমাণ করেছেন। রাস্তার দুই পাশ পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগটি প্রশংসনীয়।