অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১ | প্রিন্ট | ৩২৪ বার পঠিত | পড়ুন মিনিটে
ফাইল ছবি
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, তার দল কোনো জোটে নেই। একাদশ সংসদ নির্বাচনে জোট নয় কিছু আসনে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়েছিল। কিন্তু বেশির ভাগ আসনেই জাপার প্রার্থী ছিল। নির্বাচনের পর থেকে জাপা বিরোধী দলের ভূমিকায় রয়েছে।
বুধবার বনানী কার্যালয় মিলনায়তনে জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের ভাইস চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেছেন, দেশ ও মানুষকে আওয়ামী লীগ এবং বিএনপির হাত থেকে বাঁচাতে হবে। একানব্বইয়ের পর দুই দল সংসদীয় গণতন্ত্রের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। সন্ত্রাস, চাঁদাবাজি, দলবাজি ও টেন্ডারবাজি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে।
সম্প্রতি নোয়াখালীতে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে খুনোখুনিকে ‘হালুয়ারুটির’ ভাগাভাগির দ্বন্দ্ব বলে আখ্যা দেন জিএম কাদের। তিনি বলেছেন, তাদের দল একটাই, নেতাও একজনই। শুধু ভাগাভাগির কারণেই তাদের মধ্যে দ্বন্দ্ব। দেশের মানুষ এমন ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি চায়।
জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, আওয়ামী লীগের আমলে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কলুষিত করেছে বর্তমান সরকার। বিএনপি দুর্নীতি ও দুঃশাসনের যে অপরাজনীতি শুরু করেছিল, আওয়ামী লীগ তা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছে।
সভায় বক্তৃতা করেন জাপা কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু, বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ, চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আবদুস সবুর প্রমুখ।