কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল প্রতিনিধি। | সোমবার, ৩১ মে ২০২১ | প্রিন্ট | ২৬৯ বার পঠিত | পড়ুন মিনিটে
শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত তারুণ্যের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত তারুণ্যের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
রোববার (৩০ মে) বিকেলে উদ্দীপ্ত তারুণ্যের আয়োজনে ও জননী নার্সারির সহযোগিতায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নেছার উদ্দীন, উদ্দীপ্ত তারুণ্যের সমন্বয়ক হৃদয় দাশ শুভ, সনেট দেব চৌধুরী, সংগঠনের মুখপাত্র শিমুল তরফদার প্রমুখ।
পরে শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে অর্ধশতাধিক ফলজ, বনজ ও ঔষধী গাছ লাগানো হয়।
উদ্দীপ্ত তারুণ্যের সমন্বয়ক হৃদয় দাশ শুভ বলেন করোনাভাইরাস কালিন লকডাউনের সময় আমরা হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি,পুরো রমজান মাস শহরের ছিন্নমূল মানুষদের মাঝে আমরা ইফতারি বিতরণ করেছি,শহরের অনেক বিত্তবানরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন আমাদের সংগঠনে আমরা উদ্দীপ্ত তারুণ্যের
প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের কাছে কৃতজ্ঞ ভবিষ্যতে আমরা তাদেরকে আমাদের পাশে পাব মানুষের সেবা করার জন্য।
সংগঠনের মুখপাত্র শিমুল তরফদার বলেন, ‘২০১৯ সালে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা এই সংগঠনটির কার্যক্রম শুরু করি। আমরা ঈদ ও পূজায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, মুমূর্ষু রোগীর জন্য রক্ত সংগ্রহ, মুক্তিযোদ্ধা সম্মাননা, বিভিন্ন দিবস উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান করোনাকালে সচেতনতা ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কাজ করে আসছি। আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা এই সপ্তাহে ২০০ গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। আজ তার উদ্বোধন করা হয়েছে।’