কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি | রবিবার, ০২ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১৮ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশের বৃহত্তম মিঠাপানির জলাভূমি নামে খ্যাত হাকালুকি হাওরে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শনিবার (১ আগস্ট) বিকেলে হাওর তীরের কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের জাব্দা এলাকায় ব্যতিক্রমী এ আয়োজন করে স্থানীয় জাগ্রত তরুণ সংঘ নামে একটি সামাজিক সংগঠন। প্রতিযোগিতায় কুলাউড়ার বিভিন্ন এলাকা থেকে মোট ৫ টি নৌকা অংশ নেয়। এর মধ্যে চ্যাম্পিয়ন হয় উপজেলার বরমচাল ইউনিয়নের রাউৎগাঁও আলীনগর একাদশের নৌকা। হাজারো মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে এ আয়োজন।
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রথম পুরস্কার হিসেবে টেলিভিশন, দ্বিতীয় পুরস্কার সিলিং ফ্যান, এবং তৃতীয় পুরস্কার টেবিল ফ্যান প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভূকশিমইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা: তারু খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম রাজন। তিনি তাঁর বক্তব্যে বলেন, গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে গ্রামের প্রবীণ ও যুব সমাজের সম্মিলিত প্রচেষ্টায় এমন নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্যোগ খুবই প্রশংসার দাবিদার। এই আয়োজনে বিভিন্ন এলাকা থেকে দর্শকরা উপস্থিত হয়ে নৌকা বাইচকে আরও প্রাণবন্ত করে তুলেছেন। সকলের সহযোগিতা অব্যাহত থাকলে নৌকা বাইচ প্রতিযোগিতা প্রতি বছর আয়োজন করা হবে।
তিনি আরো বলেন, ভূকশিমইল ইউনিয়ন নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে। আমি অবহেলিত এই এলাকার উন্নয়নে কাজ করতে চাই এ জন্য সবার সহযোগিতা কামনা করছি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলামের আন্তরিকতায় বিভিন্ন প্রকল্প ইতিমধ্যে আমাদের ইউনিয়নে চলমান রয়েছে। আগামীতে হাওর অধ্যুষিত এই ইউনিয়নে উন্নয়ের এ ধারা অব্যাহত থাকবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের গর্ভনিং বডির সভাপতি এডভোকেট সামাদ আহমদ, ইউপি সদস্য আতিকুল ইসলাম শান্তি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হোসেন খান, উপজেলা যুবদলের সদস্য রাজন আহমদ প্রমুখ। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী ও দর্শনার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এ আয়োজনকে গ্রামীণ সংস্কৃতির পুনর্জাগরণ হিসেবে দেখেন।