| বুধবার, ১৩ এপ্রিল ২০২২ | প্রিন্ট | ৪৯৯ বার পঠিত | পড়ুন মিনিটে
সানজিদা জামান সুমি’র কবিতা ‘প্রশ্ন’
চুপ করে আছো?
নাকি চুপ হয়ে গেছো!
চুপ করে থাকা আর চুপ হয়ে যাওয়া এক তো নয়,
বিষন্ন রাতের কাছে প্রশ্ন রেখেছি,
নীল জোছনায় ভর করে-ঘুটঘুটে আঁধারে,
আবছা আলো উপহাস করে বলে–তুমি নেই,কখনও ছিলে না।
একাকি জীবনে রাতের তারার মতো নির্বিকার দুপুর নামে,
আসে ঢেউ,বই হয়ে বসে থাকে কেউ কেউ…
সজল আঁখিতে উপন্যাস দেখি,নিঃশ্বাসে দেখি মহাকাব্য ;
দ্যাখো, -মাথার উপরে পাখা ঘোরার সাঁই সাঁই শব্দ,
পাশে ঘেষে মর্মী মানবের উষ্ণ আলাপ,টেবিলে ফেলে রেখেছি –
পুরোনো ডাটের আতশী কাঁচ,
দু’ফোটা জলের ভারে নুয়ে আসে চোখ উড়নার উত্তরে,
সহাস্য বদনে প্রশ্ন রাখেন কর্তৃপক্ষ!
হলো টা কী?না,না স্যার….চোখে এ্যালার্জি,
গলায় ডাস্ট! বিশ্বাস করো—
গন্ধ লেবুর পাতা ভাসানো রোদের ঈষদুষ্ণ জলে গলা ভাসাই,
কষ্ট হয় ভীষণ, বিষম বেদনায়,
আমারও ইচ্ছে হয়েছে–তোমার হাতে হাত রাখতে,
চোখে চোখ রাখতে,তোমার রঙে রঙ মাখাতে,
রঙিন পর্দায় নাও ভাসাতে!
চারিপাশ আমার স্তব্ধ হয়ে আসে,
নিঃশব্দ রাতের আকাশ ঘুরে যায়,
ঘুরে যায় তারাদল,জ্যোতিষ্কপুঞ্জ,
আমি অধীর আগ্রহে কান পেতে থাকি,
যদি একবার অন্ধকার থেকে শোনা যায় পৃথিবী ঘোরার শব্দ,
যদি একবার শোনা যায়….
ও দুপুর,ও সন্ধ্যা, ও রাত…
একাকার হয়ে মিশে যাবো তোমার বুকে।