রাজনীতি ডেস্ক | বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২ | প্রিন্ট | ১৩৫ বার পঠিত | পড়ুন মিনিটে
সংগৃহিত ছবি
দলীয় নেতাকর্মীদের ওপরে হামলা, মামলা, গ্রেপ্তার ও জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার পর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়।
দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সময়ের আগেই নেতাকর্মীরা খণ্ডখণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। সমাবেশের কারণে ফকিরাপুল মোড় থেকে কাকরাইলের নাইটিংগেল মোড় পর্যন্ত সড়কের দক্ষিণ পাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির নেতারাও সমাবেশে বক্তব্য রাখবেন।
সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। সঞ্চালনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু।