অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট | ১৬৪ বার পঠিত | পড়ুন মিনিটে
বিএনপি
দেশের সকল মহানগর ও জেলা সদরগুলোতে বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা করেন। এসময় তিনি আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদন নিয়ে খুব শিগগির বিএনপি সংবাদ সম্মেলন করবে বলে জানান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ, প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবসহ সাতক্ষীরার ১০ জন এবং পাবনায় ৪৭ জন নেতাকর্মীকে ফরমায়েসি সাজা প্রদান ও কারাগারে পাঠানোর ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এর আগে শনিবার দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। তারেক রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু ছিলেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বৈঠকে যুক্ত ছিলেন।
বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে নজরুল ইসলাম খান সংবাদ সম্মেলনে জানান, সারাদেশে নেতাকর্মীদের গ্রেপ্তার ও সাজা দেয়া ঘটনা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয় সভায়। এতে আল-জাজিরায় বাংলাদশ ও দেশের স্পর্শকাতর প্রতিষ্ঠান সম্পর্কে প্রচারিত প্রতিবেদন সম্পর্কে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা দেয়া হয়নি দাবি করে এর নিন্দা জানানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এজন্য জনমনে উত্থাপিত অনিবার্য উৎকন্ঠা অবসানে শিগগিরই দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করার বিষয়ে জানান নজরুল ইসলাম খান।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ অঘোষিত এক স্বৈরতান্ত্রিক শাসনের অধীনে থাকায় গণতন্ত্রহীন রাষ্ট্র ব্যবস্থার অভিজ্ঞতা থেকেই মিয়ানমারের গণতন্ত্রকামী জনগণের সাথে একাত্ত। মিয়ানমারে নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী কর্তৃক রাষ্ট্রক্ষমতা দখলের ঘটনার নিন্দাও জানায় স্থায়ী কমিটি। সভায় রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তনের ব্যবস্থা করতে অক্ষম বাংলাদেশ সরকারকে ই ব্যাপারে আরো কৌশলী ও সক্রিয় হওয়ার জন্য দাবি জানিয়েছে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম।
তিনি আরও বলেন, সভায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের জন্য গঠিত জাতীয় কমিটির কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং কমিটির চেয়ারম্যান ড. খন্দকার মোশাররফ হোসেন কর্তৃক প্রস্তাবিত গুরুত্বপূর্ণ প্রস্তাব প্রয়োজনীয় সংশোধনীসহ অনুমোদন করা হয়।
দ্রব্যমূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, সভায় কয়েকটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও অব্যহত দুর্নীতি অনাচার প্রতিরোধে সরকারী ব্যর্থতা এবং নির্বাচনের নামে ক্রমাগত প্রহসনে জনগণের ভোগান্তি ও উদ্বেগের সাথে একাত্মতা প্রকাশ করে এসব অবসানে ঐক্যবদ্ধ গণ-আন্দোলনের কোন বিকল্প নেই বলে মত প্রকাশ করে।
তিনি বলেন, স্থায়ী কমিটির সভায় জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসআইয়ের পক্ষ থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের ব্যক্তিগত তথ্যাদি সংগ্রহের জন্য যে ফরম পূরণের উদ্যোগ নেয়া হয়েছে তা রাজনৈতিক অসৎ উদ্দেশ্য করা হচ্ছে। এটা ব্যক্তি ও রাজনৈতিক মৌলিক অধিকার পরিপন্থি। এমন তৎপরতা বন্ধ করার দাবি জানানো হয়।