অনলাইন ডেস্ক: | মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১ | প্রিন্ট | ১৬৬ বার পঠিত | পড়ুন মিনিটে
ছবি সংগৃহীত
শরীয়তপুর-নড়িয়া সড়কে একটি নির্মাণাধীন কালভার্টের বেইলি সেতু ভেঙে ট্রাক খাদে পড়ে গেছে। এতে এক নির্মাণশ্রমিক মারা গেছেন এবং চারজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার কুরাশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
নিহত ওই শ্রমিকের নাম নয়ন ব্যাপারী (৩৫)। দুর্ঘটনায় নিহত ওই শ্রমিকসহ আহত মজিবুর রহমান, আবু তাহের ও ছবেদ খান শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকাল ১০টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক নড়িয়া যাওয়ার পথে ওই সেতুতে উঠলে সেতুটি ভেঙে পড়লে ট্রাকটি খাদে পড়ে যায়। এ সময় সেতুর নিচে কয়েক নির্মাণশ্রমিক কালভার্ট নির্মাণের কাজ করছিলেন। ট্রাকটি তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই নয়ন ব্যাপারীর মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেন।
শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুমন কুমার পোদ্দার জানান, আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গির আলম বলেন, শরীয়তপুর-নড়িয়া সড়কের কুরাশি এলাকায় একটি কালভার্ট ভেঙে সেতুর নির্মাণকাজ চলছে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সেখানে বেইলি সেতু স্থাপন করা হয়। কিন্তু পাথরবোঝাই ট্রাকটি অতিরিক্ত বোঝাই থাকায় অস্থায়ী বেইলি সেতুটি ভেঙে পড়েছে। ওই স্থানে বিকল্প ব্যবস্থা করে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
শরীয়তপুরের ট্রাফিক পুলিশের পরিদর্শক জামাল মীর প্রথম আলোকে বলেন, খাদে পড়া ট্রাকটি অতিরিক্ত বোঝাই ছিল। আর বেইলি সেতুটি নড়বড়ে ছিল। এ কারণে ভেঙে পড়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।
প্রসঙ্গত, শরীয়তপুর-নড়িয়া সড়কটি গত বছর সংস্কার করা হয়। ওই সড়কের কুরাশি, বালাখানা ও চান্দনি এলাকায় তিনটি কালভার্ট ভেঙে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয় শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। দুই মাস আগে সওজের পক্ষ থেকে কুরাশি এলাকার কালভার্টে এই বেইলি সেতু স্থাপন করা হয়।