| রবিবার, ১৭ এপ্রিল ২০২২ | প্রিন্ট | ২০৯ বার পঠিত | পড়ুন মিনিটে
সিকতা কাজল-এর কবিতা ‘বিষন্ন সুন্দর’
বিষন্ন সুন্দর সাদা ভাতের ভিতর ভেসে ওঠে জীবনের ক্যানভাস।
সকাল দির্ঘ হতে – হতে বিকেল ও সন্ধ্যা পেরিয়ে
রাত্রির ঘুমহীনতা পেয়ে বসে
নক্ষত্রের বুকে।
বাতাসের বোতাম খুলে ঢুকে পরে মেঘ সহসা,
বরফ – বরফ কষ্টে তখন তোমরা একেবারে
ঢেকে ফেলো নিজেদের।
রক্তাক্ত শরীর, কান্নার আর্তচিৎকার,
আগুনের লেলিহান
শিখা ছড়িয়ে পরে
আকাশ ও সমতলে৷
দ্বিখণ্ডিত হয় মা, মাটি, দেশ, ভূ- খণ্ড।
আমাদের কোটি – কোটি চোখ যা দেখে,
দেখছে
সে দেখায় যে চিত্র
তা শেষ কথা নয়।
সে ছবিকে অতিক্রম করে
দাঁড়িয়ে যায় সত্য।
সত্য দেখার চোখগুলো গুটিকতক ,
তারা ধানের নামতা পড়ে জেনেছে
ধানকাব্যের জন্ম ইতিহাস।
কোটি – কোটি চোখ দেখে নিষ্ঠুরতা, নির্মমতা।
দেখে রক্ত গঙ্গানদী।
সমুদ্র সীমাহীন প্রত্যাশা নিয়ে
মানুষ চেয়ে থাকে, অসীম শূন্যতায়।
খোঁজে নিরাপদ আশ্রয়।