সারাদেশ ডেস্ক | সোমবার, ২১ নভেম্বর ২০২২ | প্রিন্ট | ৮৯ বার পঠিত | পড়ুন মিনিটে
সংগৃহীত ছবি
নওগাঁর মহাদেবপুরে বুলবুল সিনেমা হলের সামনে পরপর ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন স্থানীয় এমপিপুত্র রকি।
মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন ককটেল বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বুলবুল সিনেমা হলের সামনে স্থানীয় এমপি ছলিম উদ্দীন তরফদারের ছেলে রকি, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাকিল আহমেদসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা-কর্মী নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করছিলেন। এ সময় কয়েকটি মোটরসাইকেলে করে হেলমেট পরা অপরিচিতরা এসে তাদের লক্ষ্য করে পরপর তিনটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।
তিনি আরও জানান, এরপর আশপাশের লোকজন ছোটাছুটি করতে থাকে। খবর পেয়ে পুলিশের বেশ কয়েকটি টিম ঘটনাস্থলে অবস্থান নেয়। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলেও জানান ওসি।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক জানান, মহাদেবপুরে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
এদিকে ঘটনার পর স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছেন। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।