| রবিবার, ১৪ মার্চ ২০২১ | প্রিন্ট | ৪৬৭ বার পঠিত | পড়ুন মিনিটে
সাবা সাবরিন
চৈত্রের খাঁ খাঁ দুপুরে-
পুড়ে যায় বিরহী কোকিলের ডানা,
তবুও অস্ফুট স্বরে গেয়ে যায় বসন্তের গান।
ডানার নিচে তুলতুলে বিড়ালছানার মত,
পরম যত্নে লুকিয়ে রাখে বিরহের ওম।
চৈত্রের বিষন্ন দুপুরে-
ঘুমঘুম আবেশ মেখে আলুথালু বেশে,
বিছানায় গড়াগড়ি খায় কোনও এক গৃহবধূ।
আঁচলের নিচে তুলতুলে বিড়ালছানার মত,
পরম যত্নে লুকিয়ে রাখে বিরহী বসন্ত।
চৈত্রের খাঁ খাঁ দুপুরে-
বিরহী বসন্ত আঁচলের নিচ থেকে বেরিয়ে,
খুঁজে পায় কোকিলের ডানার ওম।
ক্লান্ত গৃহবধূর আচলের নিচে পড়ে থাকে,
কোকিলের একটুকরো ছেঁড়া পালক।