অর্থনীতি ডেস্ক | শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | ৫০ বার পঠিত | পড়ুন মিনিটে
সংগৃহীত ছবি
গাজীপুরের শ্রীপুরে এসিআইয়ের সেন্ট্রাল রিসার্চ সেন্টার পরিদর্শন করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।
এসময় তিনি বেসরকারি খাতে এসিআইয়ের বিজ্ঞানীদের মাধ্যমে নিয়ন্ত্রিত ফসলের (ধান, গম ও আলু) জাত উন্নয়ন গবেষণা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। শুক্রবার (২৮ এপ্রিল) এ পরিদর্শনে গিয়েছিলেন বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান।
এসময় তিনি এসিআইকে বেসরকারি খাতে নিয়ন্ত্রিত ফসলের গবেষণা কার্যক্রম পরিচালনা করায় ধন্যবাদ জানান। পাশাপাশি হাইব্রিড ধানের জাত উন্নয়নে গবেষণায় বিদেশি বিশ্ববিদ্যালয় এবং বহুজাতিক বীজ কোম্পানিকে সঙ্গে নিয়ে এসিআইয়ের ধানের জাত উন্নয়নে গবেষণা দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।
এরপর ড. বখতিয়ার এসিআইয়ের বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাদের বেশকিছু পরামর্শ দেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্প্রসারণ ও কোর্ডিনেশনের অতিরিক্ত পরিচালক সাইফুল আলম, এসিআই সিডের বিজনেস ডিরেক্টর সুধীর চন্দ্র নাথ, এসিআই রাইস জেনেটিকসের চিফ কনসালটেন্ট ড. মো. আব্দুস সালাম, এসিআই সিডের বিজনেস অপারেশনস ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান, চায়নার লং পিং হাইটেক সিড কোম্পানির সে কস জো, জিয়াংসো হোয়ানসো সিড কোম্পানি লিমিটেডের
লুইস ওয়াং এবং মি. জো।
জানা গেছে, এসিআইয়ের এসব গবেষণা থেকে এরই মধ্যে প্রায় ৩৬টি জাত নিবন্ধন করা হয়েছে। এসিআই ক্রমান্বয়ে তার গবেষণা ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে এসিআই ১০০ বিঘার একটি নিজস্ব গবেষণা খামার এসিআই সেন্ট্রাল রিসার্চ সেন্টার স্থাপন করেছে।
যেখানে নিয়ন্ত্রিত ফসল ধানের জাত উন্নয়ন গবেষণা কার্যক্রম চলমান আছে। আগামী ৫ বছরে প্রায় ৭০ ভাগ বীজ স্থানীয়ভাবে উৎপাদন করে বাজারজাত করার লক্ষ্য নিয়ে কাজ করছে এসিআই।