নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ | প্রিন্ট | ২১ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্যক্তি এজেন্সি কার্যক্রম স্থগিত থাকার পরও বিভিন্ন নামে কমিশন প্রদানের অভিযোগের প্রেক্ষিতে নয়টি সাধারণ বীমা প্রতিষ্ঠান পরিদর্শন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
বীমা খাতসংশ্লিষ্টদের মতে, এ ধরনের কার্যক্রমের ফলে বাজারে অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি হচ্ছে এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে।
এ অবস্থায় অভিযোগের সত্যতা যাচাই এবং বিধি-বিধান প্রতিপালন পর্যবেক্ষণের লক্ষ্যে আইডিআরএ তিনটি পরিদর্শন কমিটি গঠন করেছে। গত ৪ জুন জারি করা এক চিঠিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পরিদর্শনের জন্য পৃথক টিম গঠনের নির্দেশনা দেওয়া হয়।
পরিদর্শনের আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো— প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসি, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি, কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি এবং প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি।
পরিদর্শন শেষে প্রতিবেদন কর্তৃপক্ষের গঠিত ভিজিল্যান্স টিমের কাছে দাখিল করা হবে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে বিদ্যমান আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আইডিআরএর সদস্য (সাধারণ বীমা) মোহাম্মদ আবু বকর সিদ্দিক।