রাজনীতি ডেস্ক | বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২ | প্রিন্ট | ৯৮ বার পঠিত | পড়ুন মিনিটে
ফাইল ছবি
জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দুর্ভাগ্যক্রমে এখনও বিএনপি-জামাত-রাজনৈতিক মোল্লারা পাকিস্তানের পক্ষে প্রক্সি যোদ্ধা হিসাবে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রেখেছে। পাকিস্তানের এই প্রক্সি যোদ্ধারা নির্বাচন ও গণতন্ত্র নিয়ে যতই কাঁদুক না কেন তাদের আসল এজেন্ডা দেশকে সংবিধানের বাইরে ঠেলে দিয়ে অসাংবিধানিক সরকার আনা ও বাংলাদেশের অগ্রযাত্রা রুদ্ধ করা।
বৃহস্পতিবার জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, আবু তাহের বীর উত্তম হত্যাকাণ্ডের ৪৬তম বার্ষিকী উপলক্ষে গুলিস্তানে দলের কার্যালয়ে আয়োজিত সভায় ইনু এসব কথা বলেন।
শহীদ কর্নেল তাহেরের চেতনাকে ধারণ করে পাকিস্তানের পক্ষে প্রক্সি যোদ্ধাদের পরাজিত করে শোষণ-বৈষম্য-দুর্নীতির অবসান ঘটিয়ে দেশকে সমাজতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার সংগ্রাম অব্যাহত রাখার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
শহীদ কর্নেল তাহেরর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ইনু বলেন, ‘তিনি ছিলেন একজন মহান দেশপ্রেমিক ও বিপ্লবী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে যে পাকিস্তান যাত্রা শুরু হয়েছিল, সেই যাত্রা থেকে বাংলাদেশকে পথে রাখার জন্যই ১৯৭৫ সালের ৭ নভেম্বর শহীদ কর্নেল তাহেরের নেতৃত্বে ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থান সংঘঠিত হয়েছিল। জেনারেল জিয়া সিপাহী-জনতার অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পাকিস্তান যাত্রা অব্যাহত রাখে এবং পাকিস্তানের প্রক্সি যোদ্ধা হিসাবে কাজ শুরু করে।’