অর্থনীতি ডেস্ক | বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট | ২৩০ বার পঠিত | পড়ুন মিনিটে
সংগৃহিত ছবি
বাণিজ্যে অশুল্ক বাধা দূর করার পাশাপাশি অ্যান্টিডাম্পিং শুল্ক প্রত্যাহার করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বুধবার সকালে ভারতের নয়াদিল্লিতে সে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন কনফেডারেশন্স অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের (সিআইআই) যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন এ আহ্বান জানান। মঙ্গলবার সন্ধ্যায় ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সঙ্গে আরেক অনুষ্ঠানে একই বিষয়ে গুরুত্ব দেন তিনি।
এফবিসিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার সিআইআই ও এফবিসিসিআইর যৌথ আয়োজনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি ছিলেন।
এফবিসিসিআই সভাপতি ভারতের ব্যবসায়ীদের বাংলাদেশের উদীয়মান অভ্যন্তরীণ বাজার, আন্তর্জাতিক বাজারে সহজ প্রবেশাধিকার, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস এবং উদার বিনিয়োগ নীতিমালার সুবিধা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এর মাধ্যমে ভারতের উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ করে লাভবান হতে পারেন।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন, পর্যটন ও সংস্কৃতিমন্ত্রী জি কিশান রেড্ডি বলেন, দু’দেশের প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের মধ্যে অংশীদারিত্বের সোনালি অধ্যায় রচিত হয়েছে। এ সম্পর্ককে আরও গভীর করতে হবে, যাতে দু’দেশের মানুষের উন্নয়ন হয়।
মঙ্গলবার সন্ধ্যার বৈঠকে এফবিসিসিআই সভাপতি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে। এটি কমাতে ভারতের বাজারে রপ্তানি সহজ করতে হবে। বাণিজ্য ঘাটতি কমলে দু’দেশের জন্যই লাভজনক হবে।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের আমন্ত্রণ জানান। ভূরাজনৈতিক সুবিধার কারণে বাংলাদেশে সিরামিক, কাচপণ্যসহ নানা খাতে বিনিয়োগ লাভজনক বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।