শিরোনাম
রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক

উইলিয়ামসনের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয় নিউজিল্যান্ডের

খেলা ডেস্ক   |   শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

উইলিয়ামসনের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয় নিউজিল্যান্ডের

সংগৃহীত ছবি

কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জিতলো নিউজিল্যান্ড। আজ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ড ৭ উইকেটে হারিয়েছে অনভিজ্ঞ দক্ষিণ আফ্রিকাকে। এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতলো নিউজিল্যান্ড। প্রথম টেস্ট ২৮১ রানে জিতেছিলো কিউইরা।

১৯৩২ সাল থেকে দ্বিপাক্ষীক টেস্ট সিরিজ খেলছে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। ১৭ বারের মোকাবেলায় এর আগে একবারও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জিততে পারেনি নিউজিল্যান্ড। অবশেষে ৯২ বছর পর ও ১৮তম সিরিজে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়লো নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি এসএ টি-টোয়েন্টির কারনে মূল খেলোয়াড়রা না থাকায় এই সিরিজে সাতজন খেলোয়াড়ের অভিষেক করে দক্ষিণ আফ্রিকা।

হ্যামিল্টন টেস্ট জিততে তৃতীয় দিন নিউজিল্যান্ডকে ২৬৭ রানের টার্গেট ছুঁড়ে দেয় দক্ষিণ আফ্রিকা। জবাবে দিন শেষে ১ উইকেটে ৪০ রান করে নিউজিল্যান্ড। ম্যাচের বাকী দু’দিনে ৯ উইকেট হাতে নিয়ে ২২৭ রান দরকার পড়ে ব্লাক-ক্যাপসদের।

আজ, চতুর্থ দিন নিউজিল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন দক্ষিণ আফ্রিকার অফ স্পিনার ডেন পিট। ৫টি চারে ৩০ রান করে পিটের দ্বিতীয় শিকার হন টম লাথাম।

৫৩ রানে দ্বিতীয় উইকেট পতনের পর রাচিন রবীন্দ্রকে নিয়ে ৬৪ রানের জুটি গড়েন উইলিয়ামসন। জুটিতে ২০ রান অবদান রাখা রাচিনকে শিকার করে দক্ষিণ আফ্রিকাকে ব্রেক-থ্রু এনে দেন পিট।

দলীয় ১১৭ রানে রাচিন ফেরার পর ক্রিজে উইলিয়ামসনের সঙ্গী হন উইল ইয়ং। দক্ষিণ আফ্রিকার বোলারদের বিপক্ষে অবলীলায় রানের চাকা ঘুড়িয়েছেন উইলিয়ামসন। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ইয়ং। এতে ৩ উইকেটে ১৭৩ রান নিয়ে চা-বিরতিতে যায় নিউজিল্যান্ড। তখন ৯২ রানে অপরাজিত ছিলেন উইলিয়ামসন।

বিরতির পর টেস্ট ক্যারিয়ারের ৩২তম সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন। ইনিংস (১৭২) বিবেচনায় দ্রুততম ৩২তম সেঞ্চুরির নজির গড়েন উইলিয়ামসন। এতে ভেঙে যায় ১৭৪ ইনিংসে ৩২তম সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথের রেকর্ডটি। এই নিয়ে চতুর্থ ইনিংসে পঞ্চম সেঞ্চুরি করে পাকিস্তানের ইউনিস খানের রেকর্ড স্পর্শ করলেন উইলিয়ামসন। সর্বশেষ সাত টেস্টে সপ্তম ও চলতি সিরিজে চার ইনিংসে তৃতীয় শতক হাঁকালেন র‌্যাংকিংয়ের এই শীর্ষ ব্যাটার।

উইলিয়ামসনের সেঞ্চুরির পর ইয়ংয়ের হাফ-সেঞ্চুরিতে জয় পেতে সমস্যা হয়নি নিউজিল্যান্ডের। ৩ উইকেটে ২৬৯ রান তুলে টেস্ট ও সিরিজ জিতে নেয় কিউইরা। চতুর্থ উইকেটে ইয়ংয়ের সাথে ২৮৮ বলে অবিচ্ছিন্ন ১৫২ রান যোগ করেন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার পিট ৯৩ রানে ৩ উইকেট নেন।

প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন অভিষেক টেস্ট খেলতে নামা নিউজিল্যান্ডের উইলিয়াম ও’রুর্ক। তিন সেঞ্চুরিতে ৪০৩ রান করে সিরিজ সেরা হন উইলিয়ামসন।

এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো প্রথম আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৭৫ শতাংশ পয়েন্ট আছে কিউইদের। ১০ ম্যাচে ৫৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া। ৪ ম্যাচে ১ জয় ও ৩ হারে ২৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে নেমে গেল দক্ষিণ আফ্রিকা। ২ ম্যাচে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে বাংলাদেশ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office