শিরোনাম
উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব: স্পিকার যৌথ উদ্যোগের কোম্পানিতে মালিকানা বাড়াবে এসিআই ফুটপাত দখল করে ব্যবসা না করার নির্দেশ ডিএসসিসি প্রশাসকের নাফ নদীতে ভাসমান ২০ কোটি টাকার ইয়াবা উদ্ধার আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে : বাণিজ্যমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বরাদ্দ বাড়াতে আগ্রহী সরকার: শিক্ষামন্ত্রী ক্রেডিট কার্ড জালিয়াতি করে দেড় কোটি টাকায় জমি কিনেছেন স্বামী-স্ত্রী কসোভোতে দক্ষ জনশক্তি নিয়োগে সহযোগিতার প্রস্তাব বাংলাদেশের সবুজ জ্বালানিতে রূপান্তরে উন্নত দেশগুলোর অর্থায়ন চান পরিবেশমন্ত্রী কুলাউড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জরিমানা, ২০ জনের বিরুদ্ধে মামলা

উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব: স্পিকার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব: স্পিকার

আইন প্রণয়নের পাশাপাশি সরকারের উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও সংসদ-সদস্যদের অন্যতম দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আয়োজিত এক অরিয়েন্টেশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র। সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে প্রকল্প বাস্তবায়নের কারিগরি ও অন্যান্য জটিলতাও বেড়েছে। জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সংসদ-সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

‘স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস, পলিসিজ অ্যান্ড সার্ভিসেস (সিপস)’ প্রকল্পের আওতায় ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়।

স্পিকার বলেন, জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে বর্তমান সংসদ কাজ করছে। বিগত ১৫ বছর প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে জনগণ বর্তমান নির্বাচিত সংসদের দিকে তাকিয়ে আছে। সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহযোগী হিসেবে ইউএনডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, অরিয়েন্টেশন কর্মসূচি থেকে অর্জিত জ্ঞান সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ জন অনির্বাচিতভাবে সংসদ-সদস্য হন। ১১ বছর পর নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে। যেভাবে ফ্যাসিবাদ বিতাড়িত করা সম্ভব হয়েছে, একইভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাও (এসডিজি) অর্জন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, জাতীয় উন্নয়ন ও এসডিজি বাস্তবায়নে শুধু বাজেট বরাদ্দ এবং সরকারি ব্যয়ের পরিমাণ পর্যবেক্ষণ করলেই হবে না; বরাদ্দ করা অর্থের সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংসদীয় তদারকি, স্বচ্ছতা ও জবাবদিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দারিদ্র্য বিমোচন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড প্রদান, কৃষকের ঋণের সুদ মওকুফ এবং কৃষক কার্ড চালুসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব উদ্যোগের লক্ষ্য প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং এসডিজির অভীষ্ট অর্জনে ভূমিকা রাখা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রদ্রিগেজ।

কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন স্পিকার। এ সময় সংসদের হুইপ, সংসদ-সদস্য, ইউএনডিপির প্রতিনিধি, প্রকল্প পরিচালক এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office