কুলাউড়া প্রতিনিধি: | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১১০ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতির কুলাউড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সুরমা ব্রিকসের মালিক ফয়েজ উদ্দিন আহমেদকে সভাপতি, টিলাগাঁও কলিম উল্লাহ ব্রিকসের মালিক আব্বাছ আলীকে সাধারণ সম্পাদক এবং রূপসী ব্রিকসের মালিক সানোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এ উপলক্ষে সম্প্রতি কুলাউড়ার ব্রাহ্মণবাজারের সাম্পান চাইনিজ বাংলা রেস্টুরেন্টে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রকিব চৌধুরীর সভাপতিত্বে এবং ব্রাহ্মণবাজার ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ করিমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাফিক আহমেদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি সৈয়দ মুজাম্মিল আলী শরিফ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং কুলাউড়া ইট প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক, সুরমা ব্রিকসের মালিক ফয়েজ উদ্দিন আহমেদ।
সভায় বক্তারা ইট প্রস্তুতকারক ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, ব্যবসার বর্তমান পরিস্থিতি এবং সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার বিষয়ে মতামত তুলে ধরেন। তারা পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সমন্বয়ের মাধ্যমে ইটভাটা মালিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজিপুর এসবি ব্রিকসের মালিক দেলোয়ার হোসেন বাচ্চু, জোনাকি ব্রিকসের মালিক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুস, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ সারোয়ার আলম বেলাল, টিলাগাঁও কলিম উল্লাহ ব্রিকসের মালিক আব্বাস আলী, জুড়ী ভাভ ব্রিকসের মালিক নজরুল ইসলাম, বড়লেখা ব্রাদার্স সোসাইটি ব্রিকসের মালিক নজরুল ইসলাম, মেঘনা ব্রিকসের মালিক মোঃ শাহাবুদ্দিন আহমেদ এবং কুলাউড়া তিতাস ব্রিকসের মালিক মাজেদুর রহমান আফজালসহ বিভিন্ন উপজেলার ইটভাটা মালিক ও প্রতিনিধিরা।
আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ৯ সদস্যবিশিষ্ট কুলাউড়া উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি দেলোয়ার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক আব্বাস আলী, সহ-সাধারণ সম্পাদক মাজেদুর রহমান আফজাল, কোষাধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন এবং সদস্য হিসেবে মোস্তাফিজুর রহমান উজ্জল, হুমায়ূন আহমেদ ও মোঃ আমির আলী দায়িত্ব পেয়েছেন।
আব্বাছ আলী ও সানোয়ার হোসেনকে ঘিরে প্রত্যাশা
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আব্বাস আলী একজন পরিচিত ও অভিজ্ঞ ব্যবসায়ী হিসেবে স্থানীয় ব্যবসায়ী মহলে ইতোমধ্যে নিজের একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন। তার কর্মদক্ষতা, দায়িত্বশীলতা, মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়ার সক্ষমতা এবং সংগঠনের স্বার্থে সক্রিয় ভূমিকা পালনের মানসিকতা নতুন কমিটিকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। ইট প্রস্তুতকারক মালিকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া সমন্বিতভাবে তুলে ধরে কার্যকর ভূমিকা রাখার ক্ষেত্রে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন-এর সাংগঠনিক দক্ষতা, কর্মতৎপরতা ও সবার সঙ্গে সমন্বয় করে কাজ করার সক্ষমতা নতুন কমিটির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, ঐক্য সুদৃঢ় করা এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত সংগঠনের নেতৃত্বের কাছে তুলে ধরতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সকল সদস্যের সহযোগিতা নিয়ে ইট প্রস্তুতকারক মালিকদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরে সমাধানে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।