নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২২ বার পঠিত | পড়ুন মিনিটে
পুঁজিবাজারে মধ্যস্থতাকারী স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নেগেটিভ ইক্যুইটি (ঋণাত্মক মূলধন) এবং আনরিয়েলাইজড লস সমন্বয়ের সময়সীমা ২০৩০ সাল পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ২০২৭ সাল থেকে প্রতিবছর ন্যূনতম ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। তবে নতুন করে সৃষ্ট নেগেটিভ ইক্যুইটি চলতি বছরেই সমন্বয় করতে হবে।
একইসঙ্গে নেগেটিভ ইক্যুইটিযুক্ত বিও হিসাবের বিনিয়োগকারীদের ওপর কোনো আর্থিক দায় চাপানো যাবে না। এসব হিসাবে মার্জিন ঋণের সুদ ও পোর্টফোলিও ব্যবস্থাপনা ফি আরোপেও নিষেধাজ্ঞা দিয়েছে কমিশন। পাশাপাশি বর্ধিত সময়কালে সংশ্লিষ্ট স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকার নগদ লভ্যাংশ ঘোষণা বা বিতরণ করতে পারবে না।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত বিএসইসির ১০৩৮তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুঁজিবাজারের স্বার্থ-সংশ্লিষ্ট আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আবুল কালাম এ তথ্য জানিয়েছেন।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যে পরিমাণ নেগেটিভ ইক্যুইটি থাকবে, তার ভিত্তিতে ২০২৭ সাল থেকে প্রতিবছর অন্তত ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। এভাবে ধারাবাহিকভাবে প্রভিশন সংরক্ষণের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বিদ্যমান নেগেটিভ ইক্যুইটি সম্পূর্ণ সমন্বয় করতে হবে। তবে যেসব প্রতিষ্ঠানের সমন্বয়ের সময়সীমা এরইমধ্যে বাড়ানো হয়েছে, তাদের ক্ষেত্রে আগের সিদ্ধান্ত বহাল থাকবে।
অন্যদিকে, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নির্ধারিত নেগেটিভ ইক্যুইটির বাইরে চলতি বছরে নতুন কোনো নেগেটিভ ইক্যুইটি সৃষ্টি হলে তা ২০২৬ সালেই সমন্বয় করতে হবে। এ ধরনের নতুন নেগেটিভ ইক্যুইটির বিপরীতে পরবর্তী বছরগুলোর জন্য নির্ধারিত প্রভিশন সংরক্ষণের সুবিধা পাওয়া যাবে না।
নেগেটিভ ইক্যুইটিযুক্ত বিও হিসাবের ক্ষেত্রে কয়েকটি শর্তও দিয়েছে বিএসইসি। এসব হিসাবের বিদ্যমান শেয়ার বিক্রির অর্থ দিয়ে নতুন করে ‘এ’ ক্যাটাগরির শেয়ার কেনার মাধ্যমে পোর্টফোলিও পুনর্বিন্যাস করা যাবে। তবে এ ধরনের শেয়ার কেনার বিপরীতে নতুন করে কোনো মার্জিন ঋণ দেওয়া যাবে না। এসব বিও হিসাবের কোনো লেনদেন ব্লক মার্কেটেও করা যাবে না।
এছাড়া প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের পুরো সময়ে সংশ্লিষ্ট বিও হিসাবগুলোতে মার্জিন ঋণের সুদ কিংবা পোর্টফোলিও ব্যবস্থাপনা ফি আরোপ করা যাবে না। এসব হিসাবের বিপরীতে সৃষ্ট কোনো দাবি বা দায়ের জন্য সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের দায়ী করা কিংবা তাদের ওপর আর্থিক দায় চাপানো যাবে না।
বর্ধিত সময়কালে সংশ্লিষ্ট স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকার কোনো নগদ লভ্যাংশ ঘোষণা বা বিতরণ করতে পারবে না।
বিএসইসি মনে করছে, এ সিদ্ধান্তের ফলে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের বিদ্যমান নেগেটিভ ইক্যুইটি এবং আনরিয়েলাইজড লস পর্যায়ক্রমে সমন্বয়ের সুযোগ তৈরি হবে। একইসঙ্গে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ, পুঁজিবাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং বাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সিদ্ধান্তটি ইতিবাচক ভূমিকা রাখবে।
এদিকে একই কমিশন সভায় অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত বন্ডগুলো মূল বোর্ডে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব বন্ডের ক্ষেত্রে বিএসইসির সম্মতিপত্রে এটিবিতে তালিকাভুক্তির শর্ত ছিল, কিন্তু এখনো তালিকাভুক্ত হয়নি, সেসব বন্ডের ইস্যুয়ার কোম্পানিকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্তির জন্য আবেদন করতে হবে।
এছাড়া বর্তমানে এটিবিতে তালিকাভুক্ত বন্ডগুলো মূল বোর্ডে স্থানান্তর বা তালিকাভুক্ত করার জন্য একই সময়সীমার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্টক এক্সচেঞ্জগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে বিদ্যমান তালিকাভুক্তি বিধিমালা ও প্রয়োজনীয় শর্ত অনুসরণ করে আবেদন বিবেচনা এবং স্থানান্তরের ব্যবস্থা নিতে হবে।