অনলাইন ডেস্ক | শনিবার, ১০ এপ্রিল ২০২১ | প্রিন্ট | ২১৯ বার পঠিত | পড়ুন মিনিটে
ছবি সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে তাণ্ডবের সময় এক পুলিশ সদস্যের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার সুহিলপুর বাজারের একটি মিষ্টির দোকান থেকে গুলিগুলো উদ্ধার করে পুলিশ।
গুলি খোয়ার ঘটনায় দায়ের করা মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন সুহিলপুর ইউনিয়নের দক্ষিণ কেন্দুবাড়ির মৃত ছামীর আলীর ছেলে আরব আলী ও সুহিলপুর গ্রামের হিন্দুপাড়ার মৃত রমিজ মিয়ার ছেলে মো. মনির মিয়া।
গত ২৭ মার্চ বিকেলে মৌলভীবাজারের দুই পুলিশ সদস্য সিএনজি করে আসামি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে আসছিলেন। ওই দিন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুরে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসময় তারা পুলিশের অটোরিকশা আটক করে তাদের মারধর করে। এক পুলিশ সদস্যের কাছ থেকে ২০ রাউন্ড গুলি ছিনিয়ে নেয় তারা।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন গুলি উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানান, একজন পুলিশের কোমড়ে রাখা ২০ রাউন্ড গুলি টান দিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এ ঘটনায় মৌলভীবাজার জেলা পুলিশ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করে। বিষয়টি তাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে একজনকে গ্রেফতার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী গুলিগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মৌলভীবাজার জেলা পুলিশের নায়েক মো. মহিউদ্দিন বাদি হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা করেন।