| বুধবার, ২৭ এপ্রিল ২০২২ | প্রিন্ট | ১৮১ বার পঠিত | পড়ুন মিনিটে
রিমি কবিতা’র কবিতা ‘সময়ের সাথে বদলে যাওয়া পদচিহ্ন ‘
সময়ের সাথে বদলে যাওয়া দোষের নয়,
এটাই জীবনের প্রাগৈতিহাসিক সংকলনের অনুকাব্য।
কতবার বদলে যাওয়া দেখেছি আমি এ-ই পোড়া চোখে,
তবু নস্টালজিক ভাবনায় নিজেকে বোঝাতে ব্যর্থ হয়েছি বারংবার।
অবচেতন পিছুটানে যখনই ফিরে ফিরে এসেছো আমি সব টা ভুলে গিয়ে
হাসিমুখে হৃদয় নিংড়ে সব টুকু দিয়ে শুধুই ভালোবেসেছি।
বিপরীতে চাইনি লাল শাড়ির স্বপ্নমায়া।
কখনো ট্রেনের গতির সাথে পাল্লা দিয়ে মধ্যরাতে
শত লোকের ভীড়ে উৎকট ঘামের গন্ধ সহ্য করেও
অজানা অচেনা পথে ছুটে গেছি
কি এক অদৃশ্য অবাধ্য মায়াতে।
আবার কখনো অসহনীয় তপ্ত দুপুরে হৃদয় জুড়ে যখন অসহযোগ আন্দোলন,
সময়-অসময়ের হিসেব নিকেশ না করেই কোন ভাঙা-চোরা
বাসের ডিক্কিতে বসে এগিয়েছি ভ্রান্ত গন্তব্যে।
অন্তিম অনিবার্য অনিশ্চিত অধ্যায় তবু ও অদম্য উন্মাদনায়
একটু ছুঁয়ে দেখার অতৃপ্ততা। সবটাই শুধুই ভ্রান্ত অদৃশ্য মায়াজালের
অজানা অস্পষ্ট অস্পৃশ্যতার অনুভব।
বারবার ফিরেও ফিরে আসা হয়নি আমার। অচেনা পথে অচেনা
মানুষগুলোর সেই হাস্যকর অভিব্যক্তি আজ আবারো স্পষ্ট তিরস্কার করছে আমায়।
কানে গুঞ্জরিত হচ্ছে সেই বিকৃতভাষ্যগুলো যেখানে কতটা অসহায় ছিলাম আমি
আর আমার বোকা প্রেম। ভাবতেই গা ঘিন ঘিন করে প্রায়শই।
ট্রেনে কিংবা বাসে চড়ানোর অভ্যাস টা এখন আমার সহজাত।
প্রবৃত্ত অসভ্যদের মাঝেও চলাফেরায় এখন আমি শান্ত বোধহীন।
এজন্য অবশ্যই তোমার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আমি।
তোমার ছেড়ে যাওয়া তে আমি মোটেও আফসোস করি না।
কেননা, তুমি কখনো আমার ছিলেই না।
ভাবতেই নিজেকে ক্ষমা করতে পারি না, এ-ই শুধু আজ আমি নিখোঁজ এক যাত্রী।
তোমাকে একবার ছোঁব বলেই যে আমি কাটিয়ে দিতে পারতাম সহস্র জীবন,
এখন আর তোমাকে ভালোবাসি না।
তোমার প্রেমে ভালোবাসা ছিলো না,
এটা বুঝতে ই পার হয়ে গেলো আমার বাকিটা জীবন।
হয়তো অবচেতন মায়া ছিলো; আর ছিলো দায়বদ্ধ করুণা।
সময়ের পরিক্রমায় আজ সুস্পষ্ট ইঙ্গিত। তোমার কথোপকথনের ভিন্ন প্রবাহ
হয়তো আমি বুঝেও বুঝতে চাইনি। নিজেকেই প্রতারিত করেছি ভ্রান্ত ভালোবাসার দায়বদ্ধতায়।
তোমাকে সেদিনই মুক্তি দিয়েছিলাম, যে-দিন তোমার দরজার ওপাশে তুমি খিল দিলে।
আমিও এপাশে প্রজ্বল্যমান আলো নিয়ে অপেক্ষমাণ নই আজ।
নির্বাসিত দ্বিধায় এতটুকু স্থান নেই আজ কোন মিথ্যা আশ্বস্ততার।
চকচকে রোদের মতো নিখুঁত বিন্যাস আজ দৃষ্টিতে দৃশ্যত। ভয় নেই,
মিথ্যে বন্ধনে আবদ্ধ রাখার অভিপ্রায় আমার ছিলো না কোন কালেই।
বারংবার তোমার অবহেলাকেও তোমার ঐশ্বরিক প্রেমাংশ ভেবে অনিবার্য অনুভুতিতে পূর্ণতা খুঁজেছি।
শতাব্দীর ইতিহাসে পদচিহ্নটুকুতেই আমার সব টুকু অপূর্ণতা নিয়ে আমি না হয়
হারিয়ে যাবো অন্ধকারে। সময়ের বদলে তুমি পূর্ণ হও নতুন আগমনী ছোঁয়াতে!
সময়ের সাথে বদলে যাওয়া দোষের কিছু নয় গো প্রিয়, শুধু রয়ে যায় কিছু ক্ষতবিক্ষত আঁকিবুঁকি
নিশ্চিহ্ন পদচিহ্ন!!!
চকবাজার, ঢাকা।