রাজধানী ডেস্ক | সোমবার, ২৪ অক্টোবর ২০২২ | প্রিন্ট | ৮৬ বার পঠিত | পড়ুন মিনিটে
সংগৃহিত ছবি
ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ূন কবীর বলছেন, গণতন্ত্রের নামে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি রাজনৈতিক অঙ্গনে চরম নৈরাজ্যের সৃষ্টি করছে। সংঘাত ও সংঘর্ষের কারণে জাতীয় জীবনে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। এ অবস্থা থেকে মুক্তি দিতে পারে একমাত্র ইসলামী শাসনব্যবস্থা।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ইসলামী সমাজ আয়োজিত ‘বাংলাদেশসহ বিশ্বব্যাপী সংঘাতময় রাজনীতি :উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সৈয়দ হুমায়ূন কবীর বলেন, সংঘাতময় রাজনীতির কারণে মানবতা আজ ধ্বংসের মুখোমুখি। বর্তমানে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে রাজনৈতিক অঙ্গনে সংঘাতময় অবস্থা বিরাজ করছে। মানব রচিত ব্যবস্থার সংঘাতময় রাজনীতি বিশ্বের মানুষকে মহাবিপর্যয়ের মুখোমুখি করেছে এবং আখিরাতের জীবনকে ধ্বংস করে দিচ্ছে।
তিনি ইসলাম প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ তিন দফা কর্মসূচি ঘোষণা করেন। সেগুলো হচ্ছে- দেশ ও জাতির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়, প্রচলিত রাজনৈতিক ও ইসলামী দলগুলোর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং রাজধানী ঢাকা ও ৮টি বিভাগে ৮টি শান্তি সমাবেশ করা। ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতা মুহাম্মাদ ইয়াছিনের সঞ্চালনায় বক্তব্য দেন ইসলামী সমাজের বিভিন্ন পর্যায়ের নেতারা।