জাতীয় ডেস্ক | শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ | প্রিন্ট | ১৩৯ বার পঠিত | পড়ুন মিনিটে
সংগৃহীত ছবি
বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পবিত্র রমজানে প্রতিদিন ১০ হাজার মানুষকে ইফতার করাবে বিদ্যানন্দ ফাউন্ডেশন। সিলেট ছাড়া বাকি ৭ বিভাগের মানুষেরা বিনামূল্যে ইফতার পাবেন স্বেচ্ছাসেবী এই সংগঠন থেকে।
শুক্রবার (২৪ মার্চ) বিদ্যানন্দের হেড অব কমিউনিকেশনস সালমান খান ইয়াসিন এ তথ্য জানান।
তিনি বলেন, এবারের রোজায় বিদ্যানন্দ প্রায় ৩ লাখ মানুষের মধ্যে বিনামূল্যে ইফতার বিতরণ করবে। পাশাপাশি প্রতিদিন প্রায় ৫০০ মানুষের মধ্যে সেহেরি বিতরণ করা হবে। একই সঙ্গে উপকূলের প্রত্যন্ত অঞ্চলে দেড় হাজার পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করবে সংগঠনটি।
এদিকে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যানন্দ জানায়, পবিত্র মাহে রমজানে রাজধানীর ভাসমান দুঃস্থদের ইফতার করাতে ‘ইফতার গাড়ি’ চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। শুক্রবার নগরীর তেজগাঁও থানায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা এ কাজে স্বেচ্ছাসেবী হিসেবে শ্রম দেবেন বিদ্যানন্দের সদস্যদের সঙ্গে। বিদ্যানন্দের এই ভ্রাম্যমাণ ইফতার ভ্যানের নাম দেওয়া হয়েছে ‘ইফতার গাড়ি’। এটি প্রতিদিন বিদ্যানন্দ ফাউন্ডেশনের ইফতারের পাশাপাশি ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষ ও প্রতিষ্ঠানের দেওয়া ইফতার গ্রহণ করবে। দুঃস্থ রোজাদারদের কাছে ওই ইফতার পৌঁছে দেবেন পুলিশ সদস্যরা। প্রতিদিন একটি করে থানার মাধ্যমে এটি ঢাকার ২৫টি থানা কাভার করবে। প্রতিদিন পাঁচশ থেকে এক হাজার পরিবার এর মাধ্যমে ইফতার পাবে বলে আশা করছেন আয়োজকরা।