অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১ | প্রিন্ট | ২৪৮ বার পঠিত | পড়ুন মিনিটে
ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে। ছবি - সংগৃহীত
ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে পাঁচদিনের সফরে ঢাকায় পৌঁছাবেন আজ বৃহস্পতিবার। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের আমন্ত্রণে আসছেন তিনি। সাথে তাঁর স্ত্রী বীণা নরভানে এবং দুই সদস্যের একটি প্রতিনিধিদল থাকবেন। ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশের সেনা, নৌ ও ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ভারতীয় সেনাপ্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদেরও শ্রদ্ধা জানাবেন।
ভারতীয় সেনাপ্রধান জাতিসংঘের শান্তির সমর্থনে অপারেশন সম্পর্কিত সেমিনারে তাঁর অভিজ্ঞতা বিনিময় করবেন। তিনি যৌথ সামরিক অনুশীলন- শান্তির অগ্রসেনার সমাপনী অনুশীলন, হার্ডওয়্যার প্রদর্শনী এবং সমাপনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন। ভারতীয় সেনাপ্রধানের এই সফর দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে।