নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০১ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৭ বার পঠিত | পড়ুন মিনিটে
গ্রাহক ও ব্যাংকের মধ্যকার সম্পর্কের মূল ভিত্তি ‘বিশ্বাস ও আস্থা’ উল্লেখ করে বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) চেয়ারম্যান মো. নুরুল আমিন বলেছেন, ব্যাংকিং ব্যবস্থা মূলত আস্থার সম্পর্কের ওপর টিকে থাকে। গ্রাহক যখন ব্যাংকের ওপর বিশ্বাস রেখে তার কষ্টার্জিত অর্থ আমানত রাখেন, তখন সেই আমানতের নিরাপত্তা দেওয়া এবং দায়িত্ব সঠিকভাবে পালন করা ব্যাংকারের প্রধান দায়িত্ব।
শনিবার (১ আগস্ট) মিরপুর টেকনিক্যাল সংলগ্ন আইসিসি লিমিটেডে বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সঞ্চিয়া বিনতে আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), মো. আ. রহিম, মোহা. খালেদুজ্জামান, মহাব্যবস্থাপক (পরিকল্পনা) আশরাফুজ্জামান খান, মহাব্যবস্থাপক গোলাম মো. আরিফ।
চেয়ারম্যান মো. নুরুল আমিন বলেন, যে কোনো ব্যাংকের শাখা ব্যবস্থাপক বা কর্মকর্তা যে আমানত পান তা ১ কোটি টাকাই হোক আর ১০০ কোটি টাকাই হোক তার চাবিকাঠি ও জিম্মাদারি তার কাছেই থাকে। ব্যাংকিং ব্যবস্থার নিয়ম অনুযায়ী এই জিম্মাদারি যদি কর্মকর্তা সঠিকভাবে না মানতেন, তবে ব্যাংকিং ব্যবস্থাই টিকে থাকতো না।
দেশের সামগ্রিক ব্যাংকিং খাতের বর্তমান সংকট তুলে ধরে চেয়ারম্যান আরও বলেন, বর্তমানে আস্থার ঘাটতির কারণেই অনেক ব্যাংক সংকট বা অসুবিধায় পড়েছে। ইসলামী ব্যাংকসহ দেশের অন্যান্য ব্যাংকে মানুষের যে আস্থার ঘাটতি বা অস্থিরতা তৈরি হয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়। এই পরিস্থিতিতে ব্যাংকিং খাতের ভাবমূর্তি পুনর্গঠনে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর জোর দেন তিনি।
আরও পড়ুন
জনতা ব্যাংকে পদবঞ্চনা দূর করার আহ্বান কর্মকর্তা ঐক্য পরিষদের
সম্মেলনের পরিবেশ ও আয়োজন প্রসঙ্গে সন্তোষ প্রকাশ করে নুরুল আমিন বলেন, ব্যবসায়িক বা বার্ষিক সম্মেলনগুলো এমন সুন্দর ও মনোরম পরিবেশে হওয়া উচিত, যা কর্মকর্তাদের কাজের উদ্দীপনা বাড়ায়। প্রাইভেট ব্যাংকগুলো সাধারণত শহরের বাইরে বা কোনো ভালো রিসোর্টে সুন্দর পরিবেশে টাউন হল মিটিং বা সম্মেলন করে থাকে। ভবিষ্যতে বিকেবির আঞ্চলিক সম্মেলনগুলোও যেন এমন মানসম্মত ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সেদিকে খেয়াল রাখা হবে।
সম্মেলনে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ঢাকা ডিভিশনসহ বিভিন্ন অঞ্চলের প্রধানরা এবং মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।