বিজ্ঞপ্তি: | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৫৮ বার পঠিত | পড়ুন মিনিটে
দেশের শিল্প খাতের সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবনী সংস্কৃতির প্রসারে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (SICIP)-এর আওতায় ‘উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি’ (EDP) সফলভাবে শুরু করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। বাংলাদেশ সরকারের এই বিশেষ উদ্যোগে অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং কেন্দ্রীয়ভাবে এর বাস্তবায়ন তদারকি করছে বাংলাদেশ ব্যাংক। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো দক্ষ মানবসম্পদ তৈরি এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানো।
সম্প্রতি কমিউনিটি ব্যাংকের ট্রেনিং একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। তিনি এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “SICIP একটি সময়োপযোগী উদ্যোগ, যা উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধি, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি প্রশিক্ষণার্থীদের এই সুযোগকে কাজে লাগিয়ে বৈশ্বিক মানসম্পন্ন ও টেকসই ব্যবসা গড়ে তোলার ওপর জোর দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের প্রোগ্রাম ডিরেক্টর মো. নজরুল ইসলাম এবং ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ ওয়াসিম ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের শক্তিশালীকরণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাদাত। তিনি এমন একটি মহতী উদ্যোগের অংশীদার হতে পেরে গর্ব প্রকাশ করেন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) বিকাশে ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তাঁর মতে, এ ধরনের কর্মসূচি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে। স্বাগত বক্তব্যে ব্যাংকের এসএমই বিভাগের প্রধান ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর হোসেন-আল-সাফীর-চৌধুরী জানান যে, অত্যন্ত যাঁচাই-বাছাইয়ের মাধ্যমে ২৫ জন তরুণ উদ্যোক্তাকে এই এক মাস মেয়াদী প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়েছে।
এই কর্মসূচির অধীনে প্রশিক্ষণার্থীরা ব্যবসায়িক জ্ঞান, আর্থিক ব্যবস্থাপনা এবং ডিজিটাল সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ জ্ঞান লাভ করবেন। আগামী ২০ মে ২০২৬ পর্যন্ত চলমান এই প্রশিক্ষণে অভ্যন্তরীণ ও বহিরাগত অভিজ্ঞ প্রশিক্ষকরা পাঠদান করবেন। পুরো প্রক্রিয়াটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার এইচ. এম. মেহেদী হাসান এবং সহ-প্রশিক্ষক শরীফ হাসান মামুন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন যে, এই প্রশিক্ষণ শেষে তরুণ উদ্যোক্তারা আধুনিক ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলায় আরও দক্ষ ও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন।