অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১ | প্রিন্ট | ১৫০ বার পঠিত | পড়ুন মিনিটে
ছবি: সংগৃহীত
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, উত্তর-পশ্চিমাঞ্চলের তেইজ শহরে নিরাপত্তা বাহিনী ছয় ট্রাকভর্তি সেনা সদস্য নিয়ে অভিযান শুরু করলে বিক্ষোভকারীরা শিকারি বন্দুক, ছুরি ও পেট্রোল বোমা নিয়ে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। এসময় সেনাসদস্যদের আরও পাঁচটি ট্রাক ঘটনাস্থলে এসে হাজির হয়। দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে অন্তত ১১ জন বিক্ষোভকারী নিহত ও আরও ২০ জন আহত হন। তবে সংঘর্ষে কোনও সেনা সদস্যের হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার জুতায় ফুল দিয়ে নিহতদের স্মরণের মাধ্যমে জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বিক্ষোভকারীরা। এদিকে এদিক পাইং তাখন নামে এক জনপ্রিয় মডেল ও অভিনেতাকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
পাইং তাখনের বোন থি থি লুইন রয়টার্সকে বলেন, নিরাপত্তা বাহিনী ভোর ৪:৩০ মিনিটের দিকে ইয়াঙ্গুনে তাদের পৈত্রিক বাড়ি থেকে তার ভাইকে আটক করে নিয়ে যায়। সেই বাড়িতে অসুস্থ অবস্থায় বেশ কিছুদিন ধরে ছিলেন পাইং।
এর আগে মঙ্গলবার সামরিক জান্তা গ্রেপ্তার করে সবচেয়ে পরিচিত কমেডিয়ান জারগানারকে। মিয়ানমারে সব মিলে গত ১ ফেব্রুয়ারি থেকে নিহতের সংখ্যা প্রায় ৬০০। আটক করা হয়েছে কমপক্ষে ২৮৪৭ জনকে। শত শত মানুষের বিরুদ্ধে ইস্যু করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। এ সপ্তাহে সামরিক জান্তা দৃষ্টি দিয়েছে আন্দোলেনে প্রভাবশালী, বিনোদন জগতের তারকা, আর্টিস্টস ও মিউজিশিয়ানদের দিকে।