কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৯২ বার পঠিত | পড়ুন মিনিটে
রাতের নীরবতা ভেঙে হঠাৎ বিকট শব্দ। মুহূর্তেই থমকে যায় লচনা এলাকার সড়ক। সাতগাঁও হাইওয়ে থানার সামনে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঝরে গেল তিনটি প্রাণ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থেকে মিরপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আলম এশিয়া পরিবহনের একটি বাস লচনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই গুরুতর আহত তিনজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের মাজদিহি এলাকার অমৃত সিংয়ের ছেলে জয় সিং (২৩)। নিহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে তিনজনকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাভীদ রাইয়ান বিন শহিদ জানান, রাত ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত পাওয়া যায়।
শ্রীমঙ্গল তগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক এসাই আব্দুল মমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে। বাকি দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
জরুরি বিভাগের চিকিৎসক নাভিদ বলেন, রাত সোয়া ৯ টার দিকে হাসপাতালে তিন জনকে নিয়ে আসে। তিনজনই হাসপাতালে আনার আগে মারা গেছেন। তাদের মধ্যে সবারই মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। একজনের পা ভেঙে গেছে। নিহতদের মৃতদেহ হাসপাতালে রাখা আছে। এখনো কারও স্বজন আসেনি। আমরা মৃতদেহ পুলিশের কাছে হস্তান্তর করবো।
বাসযাত্রী মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ফারহানা ইয়াসমিন জানান, আমরা সিলেট গিয়েছিলাম চতুর্থবর্ষের একটি শিক্ষা সফর ছিল। সফর শেষে পরে সফর শেষে আমরা ময়মনসিংহের উদ্দেশ্য রওনা হয়েছিলাম। আমরা যখন যাচ্ছিলাম তখন ড্রাইভারকে বলে রেখেছিলাম স্লো ড্রাইভ করার জন্য। কিন্তু সিএনজিটা হঠাৎ করে সামনে চলে আসলো এমন ভাবে যে আমদের গাড়ি হার্ড ব্রেক করে অনেক চেষ্টা করেও বাঁচাতে পারে নাই। আমাদের তেমন কেউ আহত হয়নি তবে দূর্ঘটনায় আতঙ্কিত হয়ে দু’জন ছাত্রী সেন্স লেস হয়ে গেছে।
সাতগাঁও হাইওয়ে থানার এসআই মমিনুল ইসলাম বলেন, আমরা ঘটনার সাথে সাথেই আহতদের হাসপাতালে পাঠিয়েছি। বাস আটক আছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।
শ্রীমঙ্গল থানার অসি তদন্ত আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে আমরা দ্রুত হাইওয়ে থানায় আসি। আহত সিএনজির তিনজনই হাসপাতালে যাওয়ার পথে মারা যায়। মৃতদেহ আইনি প্রক্রিয়া শেষে আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।