অনলাইন ডেস্ক: | মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ | প্রিন্ট | ১৪৬ বার পঠিত | পড়ুন মিনিটে
কাবুলে সামরিক হাসপাতালে গোলাগুলি ও বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। আফগানিস্তান, ২ নভেম্বর ছবি: রয়টার্স
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সামরিক হাসপাতালে গোলাগুলি ও বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে তালেবানের নিরাপত্তা বিভাগের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়েদ খোস্তি বলেছেন, ৪০০ শয্যাবিশিষ্ট সরদার মুহাম্মদ দাউদ খান হাসপাতালে এই হামলা হয়। আফগানিস্তানের সর্ববৃহৎ সামরিক হাসপাতাল এটি। ঘটনার পরপরই সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৌঁছেছেন।
তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তানের সরকারি সংবাদ সংস্থা বখতার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, গোলাগুলি ও বিস্ফোরণের আগমুহূর্তে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বেশ কয়েকজন সদস্য ওই হাসপাতালে প্রবেশ করেন এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ান।
সরদার মুহাম্মদ দাউদ খান নামের ওই হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী জানিয়েছেন, তিনি কয়েক মিনিটের গোলাগুলির মধ্যে বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান। এর ১০ মিনিটের মধ্যে তিনি আরেকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। তবে তিনি নিশ্চিত নন, হাসপাতাল ভবনের কোন স্থানে ওই গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

গোলাগুলি ও বিস্ফোরণের পর দূর থেকে সরদার মুহাম্মদ দাউদ খান হাসপাতালের কাছে ধোঁয়া দেখা যায়। কাবুল, আফগানিস্তান, ২ নভেম্বরছবি: রয়টার্স
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনায় বিভিন্ন হাসপাতালে ১৯ জনকে মৃত অবস্থায় এবং ৫০ জনকে আহত অবস্থায় নেওয়া হয়েছে।
ঘটনাস্থলের তিন কিলোমিটার দূরে ইতালির সহায়তা সংস্থা ইমার্জেন্সি পরিচালিত একটি ট্রমা হাসপাতাল রয়েছে। তারা জানিয়েছে, সেখানে এ ঘটনায় আহত ৯ ব্যক্তিকে পাঠানো হয়েছে।
গত আগস্টে কাবুলে তালেবান ক্ষমতায় আসার পর থেকে মসজিদসহ বিভিন্ন স্থানে একের পর এক হামলা চালিয়ে আসছে আইএস। এর আগে দেশটিতে ২০১৭ সালে এক হাসপাতালে সন্ত্রাসী হামলায় অন্তত ৩০ জনের বেশি মানুষ নিহত হয়।