খেলা ডেস্ক | মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ | প্রিন্ট | ৮৬ বার পঠিত | পড়ুন মিনিটে
সংগৃহিত ছবি
টি-টোয়েন্টিতে বরাবরই ব্যর্থ বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটকে যতটা আয়ত্ব করে নিয়েছে বাংলাদেশ, টি-টোয়েন্টিকে ততটা পারেনি। চার-ছক্কার এই সংস্করণে পাওয়ার হিটিংটাই করতে পারেনা লাল-সবুজের ব্যাটাররা। দলকে বড় স্কোর এনে দেয়ার মতো পাওয়ার হিটারও নেই টাইগারদের রাডারে। তবে বিষয়টিকে পুরোপুরি শারীরিক সক্ষমতা হিসেবে দেখছেন স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। তার মতে, বাংলাদেশিরা চাইলেই আন্দ্রে রাসেল বা পোলার্ড হতে পারে না।
টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর। দেশ ছাড়ার আগে মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন দলের অলরাউন্ডার শেখ মেহেদী। এক প্রকার নতি স্বীকার করেই মেহেদী বলেন, ‘দেখুন, আমরা বাংলাদেশি, আমরা কেউই পাওয়ার হিটার না। আমরা চাইলে আন্দ্রে রাসেল বা পোলার্ড হতে পারবো না। আমাদের সামর্থ্যের মধ্যে যেটুকু আছে তা দিয়ে যতটা উন্নতি করা যায়।’
পাওয়ার হিটিংয়ে উন্নতির জন্য পাওয়ার হিটিং কোচ দরকার বলে মনে করেন মেহেদী, ‘হ্যাঁ, পাওয়ার হিটিং কোচের দরকার। তবে যে স্কিল আছে, কোচ হয়তো ১০ শতাংশ এগিয়ে দেবে। কিন্তু ৩০ শতাংশকে ১০০ শতাংশে পৌঁছে দিতে পারবে না। আমরা জন্মগতভাবেই এরকম। মনে হয় না রাতারাতি পরিবর্তন করা সম্ভব।’
এখন সামর্থ্যের বাইরে গিয়ে খেলা সম্ভব নয় বলেই জানালেন তিনি, ‘আমরা প্রায় ১৫ বছরের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ফেলেছি। হলে আরও আগেই হয়ে যেত। যেহেতু হচ্ছে না, এটা নিয়ে আরও কাজ করতে হবে। পাওয়ার হিটিংয়ের কথা সবসময়ই আসে। কিন্তু এটা ঠিক না। সামর্থ্যের বাইরে চাইলেও করতে পারবো না। এটা আপনাদের সবাইকে বিশ্বাস করতে হবে।’
পাওয়ার হিটার না হলেও মারকেটে ব্যাটসম্যান হিসেবে পরিচিত শেখ মেহেদী। দেশের হয়ে ৩৪ টি-টোয়েন্টিতে ১০২ স্ট্রাইকরেটে করেছেন ২২২ রান। চার ছক্কা মেরে ইনিংস শুরু করলেও সেটিকে বড় করতে পারেননি তিনি। তার সর্বোচ্চ রান অপরাজিত ৩০।
৩০ জুলাই হারারে স্পোর্টস ক্লাবে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে জিম্বাবুয়ে সফর। বাকি দুই ম্যাচ হবে ৩১ জুলাই ও ২ আগস্ট। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।