খেলা ডেস্ক | শনিবার, ১১ জুন ২০২২ | প্রিন্ট | ১১৫ বার পঠিত | পড়ুন মিনিটে
সংগৃহিত ছবি
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে শিরোপা নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় ও মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়।
শনিবার শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় ৪২ রানে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়কে এবং মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় ৩ উইকেটে খুলনার গাজী মেমোরিয়াল স্কুলকে হারিয়ে ফাইনালে উঠেছে। সোমবার ফাইনালটি নারায়ণগঞ্জ শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স থেকে সম্প্রচার করবে টি-স্পোর্টস।
শনিবার সেমিফাইনালে টস জিতে শিশু নিকেতন ব্যাটিংয়ে নামে। প্রতিপক্ষের দাপুটে বোলিংয়ে ৪৩ রানে হারায় ৫ উইকেট। শেষ পর্যন্ত ১০০ রানের সংগ্রহ দাঁড় করে। জবাবে ইয়াসিন আরাফাত ও সাইখ ইমতিয়াজের ঘূর্ণিতে ৫৮ রানে গুটিয়ে যায় সুনামগঞ্জের প্রতিষ্ঠানটি।
বাঁ-হাতি স্পিনার আরাফাত সাকিব ১০ ওভারে ১৯ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন। লেগ স্পিনার ও অধিনায়ক ইমতিয়াজ ৯.৪ ওভারে ১৮ রানে ৪ উইকেট নিয়েছেন।
অপর সেমিফাইনালে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় টস জিতে গাজী মেমোরিয়াল স্কুলকে ব্যাটিংয়ে পাঠায়। মুজাহিদুল রাফিন ৪১ ও অধিনায়ক আনোয়ার হোসেন ৩৯ রানের ইনিংস খেলে দলকে ৪২.৫ ওভারে ১৫৮ রান এনে দেন। জবাবে শাহরিয়ার পিয়াস ৪১, আলিফ হোসেন ২৮ ও আরাফাত আমান ২৮ রান করে ৩ উইকেটে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়কে জেতান।
এবারের আসরের সেরা প্রতিভা মনে করা হচ্ছে রংপুরের শিশু নিকেতনের লেগ স্পিনার ইমতিয়াজ শিহাবকে। দলকে ফাইনালে তুলে লক্ষ্য এই তরুণ জানায়, তারা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে ন্যাশনাল রাউন্ড খেলতে এসেছে। চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদী তারা। ফাইনাল জিতে তারাই সেরা এটা প্রমান করতে চায়।