খেলাধূলা ডেস্ক | বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | ১০৪ বার পঠিত | পড়ুন মিনিটে
সংগৃহীত ছবি
চলতি বিপিএলে ফর্মের তুঙ্গে আছেন সাকিব আল হাসান। ফরচুন বরিশালের হয়ে রানের বন্যা বইয়ে দিচ্ছেন তিনি। এমনকি এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব। ছয় ইনিংসে ব্যাট করে ৭৬ গড়ে তিনি করেছেন ৩০৪ রান। বিশেষ করে, তার স্ট্রাইক দুইশ ছুঁইছুঁই (১৯২.৪০)। হাফসেঞ্চুরির স্বাদ পেয়েছেন তিনবার।
৩৬ ছুঁইছুঁই সাকিবের এমন পারফরম্যান্স দেখে মোটেও অবাক হচ্ছেন না মাশরাফি বিন মর্তুজা। সিলেট স্ট্রাইকার্সের অধিনায়কের মতে, সাকিব ‘কিং’, তার কাছ থেকে রাজকীয় পারফরম্যান্সই প্রত্যাশিত।
বেশ কয়েক বছর ধরে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে অতটা সফল ছিলেন না সাকিব। কিন্তু এই বিপিএলে যেন নতুনরুপে ফিরে এসেছেন তিনি। সাকিবের এমন ব্যাটিংয়ের পেছনে ছোট একটি টেকনিক্যাল পরিবর্তনের প্রভাব দেখছেন মাশরাফি। সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক বলেন, ‘ভারত সিরিজে শর্ট বলে একটু স্ট্রাগল করছিল। মানে রিসেন্ট পাস্টে। সে এরপর স্টান্সটা কিছুটা পরিবর্তন করেছে। তাতে করে এখন সে উইকেটের চারপাশে শট খেলতে পারছে। এটা সাকিবের মতো প্লেয়ারদের কাছ থেকে অবাক হওয়ার কিছু নয়। কারণ বিশ্বমানের খেলোয়াড়রা নিজেদের পথটা বের করে নেয়। সাকিব এর চেয়েও ভালো কিছু করলে অবাক হওয়ার কিছু নেই। ওর কাছে আপনি প্রত্যাশা করেন যে, হি উইল কাম এজ অ্যা কিং অ্যান্ড পারফর্ম এজ অ্যা কিং।’
সাকিবের পারফরম্যান্স নিয়ে বললেও নিজের ব্যাপারে তেমন কিছু বললেন না মাশরাফি। প্রায় ৮ মাস পর বিপিএলে নেমেই দুর্দান্ত সময় কাটাচ্ছেন তিনি। এখন পর্যন্ত ৭ ম্যাচে ৯ উইকেট শিকার করেছেন সিলেটের অধিনায়ক। নিজের বোলিং ম্যাশ বলেছেন, ‘আমার বোলিং…শেষ আট মাস আসলে ব্যস্ত ছিলাম, ব্যস্ত থাকি আসলে অন্য কাজে। ভেতরে চার-পাঁচদিন বোলিং করেছি, অনুশীলন করেছি। এখন পর্যন্ত সব কিছু ঠিক আছে। দেখা যাক সামনে কী হয়।’