খেলা ডেস্ক | মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২ | প্রিন্ট | ৯৮ বার পঠিত | পড়ুন মিনিটে
সংগৃহিত ছবি
টেস্ট ক্রিকেটের দর্শন যেন বদলে যাচ্ছে। আরও আকর্ষণীয় হয়ে উঠছে। ইংল্যান্ড সম্প্রতি বড় বড় রান তাড়া করে ম্যাচ জিতেছে। এবার শ্রীলঙ্কার শুষ্ক-স্পিনিং উইকেটে একই পথে হাঁটছে পাকিস্তান। শ্রীলঙ্কার দেওয়া বিশাল লক্ষ্য তারা নাগালে নিয়ে এসেছে।
গলে পাকিস্তানকে প্রথম টেস্টে জয়ের জন্য ৩৪৪ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। জবাবে চতুর্থ দিন শেষে পাকিস্তান ৩ উইকেট হারিয়ে ২২২ রান তুলে ফেলেছে। শেষ দিন সফরকারী বাবর আজমের দলের দরকার ১২০ রান। উইকেট বিবেচনায় ওই রান একেবারে সহজ নয়। তবে দলটির বড় ভরসা ওপেনার আব্দুল্লাহ শফিকের অপরাজিত সেঞ্চুরি।
বড় লক্ষ্য তাড়ায় মাত্র ষষ্ঠ টেস্ট খেলতে নামা শফিক ২৮৯ বল খেলে ১২৭ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে দিন শুরু করবেন মোহাম্মদ রিজওয়ান (৭)। এর আগে ওপেনার ইমাম উল ৩৫ এবং অধিনায়ক বাবর ৫৫ রানের ইনিংস খেলেন।
দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা তোলে ৩৩৭ রান। সঙ্গে তাদের প্রথম ইনিংসে পাওয়া ৪ রানের লিড যোগ হয়। স্বাগতিকদের হয়ে দ্বিতীয় ইনিংসে ৯৪ রানের হার না মানা ইনিংস খেলেন দিনেশ চান্দিমাল। এছাড়া ওসাদে ফার্নান্দো ৬৪ এবং কুশল মেন্ডিস ৭৬ রান যোগ করেন।
প্রথম ইনিংসেও শ্রীলঙ্কার সেরা ব্যাটার ছিলেন চান্দিমাল। মিডল অর্ডার এই ব্যাটার দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন। এছাড়া ওসাদে ফার্নান্দো ৩৫ এবং মাহেষ থিকসানা ৩৮ রান যোগ করেন। জবাবে প্রথম ইনিংসে পাকিস্তান ২১৮ রানে আটকে যায়। বাবর খেলেন ১১৯ রানের অসাধারণ ইনিংস। আর কেউ বিশ রানের ঘরে ঢুকতে পারেননি।
প্রথম ইনিংসে পাকিস্তানের হয়ে চার উইকেট নেন শাহিন আফ্রিদি। দুটি করে উইকেট নেন হাসান আলী ও ইয়াসির শাহ। শ্রীলঙ্কার হয়ে প্রবাথ জয়াসুরিয়া প্রথম ইনিংসে নেন পাঁচটি উইকেট। থিকসানা ও রামেস মেন্ডিস দুটি করে উইকেট নেন। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস থেকে মোহাম্মদ নওয়াজ পাঁচটি এবং ইয়াসির শাহ নেন তিন উইকেট।